মহিউদ্দিন-নাছির দ্বন্দ্বের মূল কারণ বন্দর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিউদ্দিন চৌধুরী,আ জ ম নাছির
মহিউদ্দিন চৌধুরী,আ জ ম নাছির

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং মেয়র আ জ ম নাছির উদ্দীন ১৭ এপ্রিল হাত ধরাধরি করে ঐক্যের বার্তা দিলেও ভেতরে চাপা ক্ষোভ রয়ে গেছে। দলের অনেক নেতা-কর্মী মনে করেন, তাঁদের দ্বন্দ্বের মূল কারণ চট্টগ্রাম বন্দর। বন্দরের শ্রমিক রাজনীতির নিয়ন্ত্রণ মহিউদ্দিন চৌধুরীর হাতে। আর বন্দর-সংক্রান্ত ব্যবসা মেয়র নাছিরের নিয়ন্ত্রণে।

এ ছাড়া নগরের গৃহকর বৃদ্ধি, পাথরঘাটার মাছের আড়ত স্থানান্তর ও আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ—এই তিনটি বিষয়ে বিরোধ রয়ে গেছে। ফলে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যেকোনো সময় আবার বিবাদে জড়াতে পারেন, এমন আশঙ্কাও আছে নেতা-কর্মীদের মধ্যে।

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করে আসছেন মহিউদ্দিন চৌধুরী। বছর দুয়েক আগে বন্দরে বেসরকারি বার্থ অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে মেয়র নাছিরের অংশীদারত্ব ব্যবসার খবর জানাজানি হয়। মহিউদ্দিন বিষয়টি নিজের মধ্যে চেপে রাখলেও মেয়রের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন গত বছরের মার্চে। মেয়র নাছির গত বছরের ২১ মার্চ আগ্রাবাদে ১১টি ওয়ার্ডের গৃহকর (হোল্ডিং ট্যাক্স) মূল্যায়ন প্রক্রিয়া কাজের উদ্বোধন করলে মহিউদ্দিন এর সমালোচনা শুরু করেন এবং বর্ধিত গৃহকর না নেওয়ার আহ্বান জানান। এর সঙ্গে যুক্ত হয় পাথরঘাটার মাছের আড়ত স্থানান্তর এবং আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণের বিষয়টি।

দলীয় সূত্র জানায়, গৃহকর নিয়ে মহিউদ্দিন চৌধুরী আন্দোলনের সূত্রপাত করে নগরবাসীর সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। এতে মেয়র সহজে ঘায়েল হবেন বলে তিনি মনে করছেন। তাঁর এই আন্দোলনে নগরবাসী সমর্থন দিলেও দলীয় নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত। কিন্তু চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেকের সঙ্গে মেয়র নাছিরের অংশীদারত্ব ব্যবসার বিষয়টি মানতে পারছেন না মহিউদ্দিন।

বন্দর সূত্র জানায়, মহিউদ্দিন সাইফ পাওয়ারের বিরোধিতা করলেও মেয়র নাছির ওই প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরের ঠিকাদারি ব্যবসায় যুক্ত হন ২০১৫ সালে অনুষ্ঠিত সিটি নির্বাচনের দুই মাস পরে জুন মাসে। দুটি জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজের দরপত্রে মেয়র নাছিরের প্রতিষ্ঠানের অংশীদার ৩০ শতাংশ। কিন্তু বেসরকারি অপারেটরের একচেটিয়া কাজের ঘোর বিরোধী মহিউদ্দিন।

প্রসঙ্গত, ২০০৫ সালে জাপান থেকে আনা ১৫১ কোটি টাকায় কনটেইনার ওঠানো-নামানোর চারটি ক্রেন যুক্ত হয় বন্দরে। ওই সময় বন্দরের ১৬ জনকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয় জাপানে। প্রশিক্ষণের পর কিছুদিন বন্দরের অপারেটরদের দিয়ে কনটেইনার ওঠানো-নামানো করানো হয়। ওই বছর বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারকে কাজ দেওয়া হয়। বেসরকারি প্রতিষ্ঠান ডেকে আনায় বন্দরের শ্রমিক ও অপারেটররা অলস হয়ে পড়েন বলে মহিউদ্দিন চৌধুরী তখন অভিযোগ করেন। তিনি বন্দর ও শ্রমিকদের স্বার্থে এই আন্দোলন করছেন বলে দাবি করেন।

দুই শীর্ষ নেতার বিরোধের বিষয়ে জানতে চাইলে নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ আফছারুল আমীন প্রথম আলোকে বলেন, ‘আমি একজনের (মহিউদ্দিন) হাতে লাঠি দেখলাম। পরদিন দুজন আবার হাত মেলালেন।’ আফছারুল টিপ্পনী কেটে বলেন, ‘তাঁদের দ্বন্দ্ব নাকি মিটমাট হয়ে গেছে!’ একটু থেমে তিনি মহিউদ্দিন চৌধুরীকে ইঙ্গিত করে বলেন, ‘বন্দর, গৃহকর, মাছের আড়ত ও আউটার স্টেডিয়ামে সুইমিংপুলের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। কারও মনের আক্রোশ থেকে বিষয়গুলো টেনে আনা হয়েছে। হয়তো দেনা-পাওনা থেকে এই আক্রোশ হতে পারে।’ দেনা-পাওনা কী জানতে চাইলে আফছারুল বলেন, ব্যক্তিগত কারণ থেকেও আক্রোশ সৃষ্টি হতে পারে।

দলের একাধিক নেতা জানান, আশি ও নব্বই দশকে চট্টগ্রাম আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত ছিল। একটির নেতৃত্বে মহিউদ্দিন চৌধুরী ও অন্যটির আখতারুজ্জামান চৌধুরী বাবু। ওই সময় বাবুর হয়ে সবকিছু দেখতেন নাছির উদ্দীন। এ কারণে নাছিরকে অপছন্দ করতেন মহিউদ্দিন চৌধুরী। কিন্তু ২০১৩ সালের নভেম্বরে নাছিরকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হলে মহিউদ্দিন নীরবে তা মেনে নেন। যদিও এর আগে নাছির নগর কমিটিতে ছিলেন না।

নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম মনে করেন, বন্দরসহ চারটি বিষয়ের সঙ্গে নগরবাসীর স্বার্থ সরাসরি জড়িত। তাই সচেতন রাজনীতিবিদ হিসেবে মহিউদ্দিন মাঠে নেমেছেন। খোরশেদ বলেন, ‘১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগের শাসনামলেও চট্টগ্রাম বন্দর পরিচালনার ভার আমেরিকার একটি প্রতিষ্ঠানকে দেওয়ার কথা ছিল। মহিউদ্দিন দেশপ্রেমিক হিসেবে তা রুখে দিয়েছিলেন। চট্টগ্রামের স্বার্থ তিনি সব সময় দেখেন বলে নগরবাসীর সমর্থন পান। তাঁর বর্তমান আন্দোলনেও নগরবাসীর সমর্থন আছে।’

নগর আওয়ামী লীগের আরেক সহসভাপতি আলতাফ হোসেন বলেন, ‘মহিউদ্দিন ভাইয়ের সঙ্গে মেয়রের দূরত্ব কেটে গেছে বলে আমরা মনে করি না। কারণ, চারটি বিষয়ে তাঁদের নীতিগত ভিন্নতা আছে। আমরা দলীয় ফোরামে বিষয়গুলো এনে দুজনকে কাছাকাছি আনার চেষ্টা করব।’

দলীয় নেতাদের একটি অংশের মত, গৃহকর স্পর্শকাতর একটি বিষয়। সব বাড়িমালিকের পক্ষে বর্ধিত হারে গৃহকর পরিশোধ করা সম্ভব হবে না। এর সুযোগ নিয়ে মহিউদ্দিন চৌধুরী মেয়রের সমালোচনা শুরু করেন। নগরের পাথরঘাটা থেকে মাছের আড়ত বাকলিয়ায় সরিয়ে নেওয়া এবং আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণকাজে হাত দেন মেয়র। মহিউদ্দিন এ কাজেরও ঘোর বিরোধী। তিনি মনে করেন, ১৯৮৯ সাল থেকে স্টেডিয়াম এলাকায় বিজয় মেলা হয়ে আসছে। সুইমিংপুল হলে এখানে বিজয় মেলা করার সুযোগ থাকবে না।

১০ এপ্রিল লালদীঘি মাঠের এক সমাবেশে মহিউদ্দিন চৌধুরী মেয়র নাছিরকে ‘খুনি’ অভিহিত করে বলেছিলেন, নগরবাসী বর্ধিত গৃহকর দেবে না। পাথরঘাটায় মাছের আড়ত বাকলিয়ায় স্থানান্তর করে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে। মেয়র নির্বাচিত হওয়ার পর নাছির বন্দরের চারটি বার্থ অপারেটরের মালিক হয়েছেন। আউটার স্টেডিয়ামে সুইমিংপুল করে বিজয় মেলা বন্ধ করে দিতে চাচ্ছেন নাছির।

মেয়র আ জ ম নাছির এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমি ২০ বছর ধরে বন্দরের ব্যবসার সঙ্গে আছি। বন্দরে আমার স্ত্রী এবং আমার নামে দুটি প্রতিষ্ঠান আছে। উনি (মহিউদ্দিন) চারটি প্রতিষ্ঠানের কথা কোত্থেকে বলছেন আমি জানি না।’

মেয়র নাছির বলেন, আউটার স্টেডিয়ামে সুইমিংপুলের অনুমোদন প্রধানমন্ত্রী একনেক বৈঠকে দিয়েছেন। এটি বাস্তবায়ন করছে জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু বিজয় মেলা নগরের যেকোনো মাঠে করা যেতে পারে। মেয়র বলেন, পাথরঘাটায় ব্যাপক যানজট সৃষ্টির কারণে বাকলিয়ায় কর্ণফুলী নদীর তীরে বন্দরের জায়গায় মাছের আড়ত স্থানান্তর করা হয়েছে। এ জন্য কোটি টাকা কে কাকে দিয়েছে, তা উনি (মহিউদ্দিন) ভালো জানেন।

মেয়রের সঙ্গে দ্বন্দ্ব প্রসঙ্গে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘লালদীঘি মাঠে আমি অনেক কিছু বলেছি। শহীদ মিনারে নাছিরের সঙ্গে হাত মিলিয়েছি।’ পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, ‘এখন আবার কিসের দ্বন্দ্ব?’

আউটার স্টেডিয়ামে ১৭ এপ্রিল ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মহিউদ্দিন কিছু পুলিশের অদূরদর্শিতাকে দায়ী করে বলেন, কর্মসূচি পালনের সময় পুলিশ কর্মকর্তারা ছাত্রলীগ নেতাদের বুঝিয়ে পার করে দিতে পারতেন। ওই দিন গুলি করার মতো কি কোনো ঘটনা ঘটেছে?

এদিকে ২৯ এপ্রিল নগর আওয়ামী লীগের প্রতিনিধি সভার আয়োজন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সেখানে ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা থাকবেন। এই সভা সামনে রেখে চট্টগ্রামের শীর্ষ দুই নেতার দ্বন্দ্বের বিষয়টি আবারও আলোচনায় আসছে।