মহেশপুরে আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি ১০ বছরেও
সম্মেলন হয়েছে ১০ বছর আগে, আজও পূর্ণাঙ্গ কমিটি হয়নি ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের। নির্বাচিত সভাপতি সাজ্জাতুজ জুম্মাও এই সময়ে কোনো সভায় সভাপতিত্ব করেননি। আজ রোববার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রথম তিনি সভাপতিত্ব করবেন বলে জানিয়েছেন দলের মাঠপর্যায়ের নেতা-কর্মীরা।
সাজ্জাতুজ জুম্মার অভিযোগ, দলের সাবেক স্থানীয় সাংসদ শফিকুল আজম খান চঞ্চল তাঁকে এলাকায় আসতে দেননি। তিনি এলাকার মিটিং-মিছিল, সভা-সমাবেশে যাওয়ার চেষ্টা করলে সাংসদ তাঁর অনুসারী দলের কিছু নেতা-কর্মী দিয়ে তাঁকে অপমান করিয়েছেন। এমনকি কেন্দ্রীয় নেতাদের জনসভায় হাজির হয়েও তাঁকে লাঞ্ছিত হতে হয়েছে।
তবে সাংসদ এ কথা অস্বীকার করে জানান, তিনি নিজেই এলাকায় আসেননি। দলের কোনো খোজখবর রাখেননি। যে কারণে সাধারণ সম্পাদক ময়জদ্দিন হামিদ সভাপতিত্ব করতেন। তিনি অতিথি হিসেবে থাকতেন মাত্র।
মহেশপুর উপজেলার মাঠপর্যায়ের নেতা-কর্মীরা জানান, ২০০৪ সালের ৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থানীয় বিউটি সিনেমা হলে অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন শিল্পপতি, মহেশপুর উপজেলার বাসিন্দা সাজ্জাতুজ জুম্মা চৌধুরী। আর ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ময়জদ্দিন হামিদ। সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় না।
স্থানীয় একাধিক নেতা জানান, ২০০৫ সালে সাংসদ হওয়া নিয়ে যে প্রতিযোগিতা চলে তা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। যার এক পক্ষের নেতৃত্বে ছিলেন দলের সভাপতি সাজ্জাতুজ জুম্মা, অপরপক্ষে স্থানীয় সাংসদ চঞ্চল। এরপর দলের কোনো সভা-সমাবেশে দলের সভাপতিকে আর দেখা যায়নি।
একটি অংশের দাবি সাজ্জাতুজ জুম্মা ঢাকায় থাকেন, এলাকায় আসেন না। অপরপক্ষের দাবি সাংসদ পেশিশক্তি ব্যবহার করে সভাপতিকে এলাকায় আসতে দেননি।
আজকের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই পক্ষই তাদের জনসমর্থন প্রমাণ করতে লোকসমাগম করতে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকে আবার এই প্রতিযোগিতার কারণে সংঘর্ষের আশঙ্কা করছেন।