
নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে গতকাল সোমবার নগরীতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল ও মহড়া করেন। এতে শহরের বঙ্গবন্ধু সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়ক ও নবাব সলিমুল্লাহ সড়কে ব্যাপক যানজট তৈরি হয়।
সকাল ১০টার দিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন নগরের দেওভোগের বাড়ি থেকে হেঁটে চাঁদমারিতে অবস্থিত জেলা পরিষদ কার্যালয়ে যান। এ সময় তাঁর সঙ্গে শতাধিক মোটরসাইকেলের বহর যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ার হোসেন জেলা পরিষদের কার্যালয়ে পৌঁছান। সেখানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাচিত সদস্যরাও দায়িত্ব গ্রহণ করেন। পরে জেলা পরিষদের সামনে বানানো মঞ্চে আনোয়ার হোসেন বক্তব্য দেন।