নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অমান্য করে বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের পক্ষে গতকাল বুধবার থেকে শহরে মাইকযোগে নৌকা প্রতীকে ভোট চাওয়া হচ্ছে।
১৪ ডিসেম্বরের আগে কোনো প্রার্থী দলীয় প্রতীকে ভোট চাইতে পারবেন না—এমন সিদ্ধান্তের কথা গতকালই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। অথচ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রেজাউল করিমের পক্ষে শহরজুড়ে সিএনজি-অটোরিকশাযোগে মাইকে নৌকা মার্কায় ভোট চাওয়া হয়।
বিকেল পাঁচটার দিকে শহরের সাতমাথা থেকে শেরপুর সড়কে নৌকা মার্কায় ভোট চেয়ে একাধিক মাইকে প্রচারণা চালাতে দেখা গেছে। মাইকে প্রচারণা ছিল ধারণ করা। এতে বলা হয়, ‘মন্টু ভাইয়ের (রেজাউল করিম) সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’।
রেজাউল করিম বলেন, ‘আমরা দলীয় প্রার্থী। প্রতীক পেয়ে গেছি। তাই আজ (বুধবার) থেকে প্রচারণা চালাতে আইনগত কোনো বাধা নেই। এ কারণে তিন-চারটি মাইকে প্রচারণা শুরু করা হয়েছে। কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে সেটা এখনো আমাকে কেউ জানায়নি।’