মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ সব সময় অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রগতিশীল ন্যাপের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন।
ছবি: সংগৃহীত

মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ সব সময়ই অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার, বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

আজ রোববার দুপুরে প্রগতিশীল ন্যাপের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও মাওলানা ভাসানীর দৌহিত্র পরশ ভাসানীর সভাপতিত্বে অনলাইন আলোচনা সভায় মন্ত্রী ঢাকায় তাঁর বাসভবন থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মাওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘তিনি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করেছেন মানুষের কল্যাণে। এই নির্মোহ জননেতার কাছ থেকে আমাদের রাজনীতিবিদদের অনেক শেখার আছে।’

প্রগতিশীল ন্যাপ দলটির জনমুখী কার্যক্রমের প্রশংসা করে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘২০১৩-১৪-১৫ সালে যখন দেশে বিভীষিকাময় পরিস্থিতি তৈরির চেষ্টায় দিনের পর দিন মানুষকে অবরুদ্ধ করে রাখা হচ্ছিল এবং পেট্রলবোমায় ঝলসে শত শত মানুষকে হত্যা, হাজার মানুষকে দগ্ধ করা হচ্ছিল, তখন যে কয়টি রাজনৈতিক দল প্রতিবাদমুখর ছিল, প্রগতিশীল ন্যাপ তাদের অন্যতম।’

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু, সব বীর মুক্তিযোদ্ধা, মাওলানা ভাসানী এবং জাতীয় চার নেতার স্বপ্নের ঠিকানায় বাংলাদেশকে পৌঁছে দেওয়া। আর এ জন্য অন্য দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং পরশ ভাসানীর নেতৃত্বে প্রগতিশীল ন্যাপ এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী মহামারির এ সময় অক্সিজেন পাঠানোর জন্য এবং আমদানির পাশাপাশি কয়েক লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, এটি প্রকৃত বন্ধুত্বের উদাহরণ। একই সঙ্গে বাকি প্রতিশ্রুত টিকাও অচিরেই আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

করোনার বিধিনিষেধ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, করোনা সংক্রমণ কমাতে না পারলে হাসপাতালে শুধু শয্যাসংখ্যা ক্রমাগত বাড়িয়ে লাভ হবে না। প্রত্যেকের নিজের ও পরিবারের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

প্রগতিশীল ন্যাপের সদস্যসচিব মোহাম্মদ আলী কিসমতের পরিচালনায় দলের সহ-আহ্বায়ক মোহা. ইলিয়াস, যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ, মোহাম্মদ মনিরুল হাসান, মৌসুমী দেওয়ান এবং জেলা প্রতিনিধিরা সভায় অংশ নেন।