মাগুরা জেলা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন মীর মেহেদী হাসান। সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আলী হোসেনকে। গতকাল সোমবার জেলা ছাত্রলীগের সম্মেলণ শেষে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।
স্থানীয় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি শেখ রেজাউল ইসলাম। সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ আবদুর রহমান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সাংসদ মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ বক্তব্য দেন।
দলীয় নেতা-কর্মীরা জানান, ২০১০ সালের ১১ অক্টোবর সম্মেলন ছাড়াই মাগুরা জেলা ছাত্রলীগের কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে শেখ রেজাউল ইসলামকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। এক বছর মেয়াদি এ কমিটি সাত বছর পার করেছে।
প্রথম পর্ব শেষে বিকেলে স্থানীয় নোমানী ময়দানে আছাদুজ্জামান মিলনায়তনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। তবে সন্ধ্যায় এই প্রক্রিয়ার বিরোধিতা করে ছাত্রলীগের একটি পক্ষ মিলনায়তনের বাইরে মিছিল করে। এর পরপরই কেন্দ্রীয় নেতারা চলে যান।
এ বিষয়ে জেলার নেতারা তখন বলেন, স্থানীয় নেতাদের সঙ্গে একটা সমঝোতা হয়েছে। কেন্দ্রীয় নেতারা ঢাকায় গিয়ে কমিটির ঘোষণা দেবেন।
রাত নয়টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির ফেসবুকে মাগুরা জেলা ছাত্রলীগের ১১ সদস্যবিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্যাডে এ–সংক্রান্ত চিঠিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের সই রয়েছে।
নতুন কমিটিতে স্থান পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি সৈয়দ রাব্বি ইসলাম, মো. রিয়াদ মুন্না ও এনামুল কবির। যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদ খান, মো. হামিদুল ইসলাম ও মো. আলীমুজ্জামান। সাংগঠনিক সম্পাদক মো. শামসুর রহমান ও সাব্বির হোসেন। কমিটির সদস্য মো. জাহেরুল ইসলাম।