মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। সাত বছর আগে সম্মেলন ছাড়াই জেলা ছাত্রলীগের কমিটি গঠন করেছিল কেন্দ্র। দীর্ঘদিন পর সম্মেলন ডাকায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রধান বক্তা হিসেবে থাকছেন। সম্মেলনে প্রধান অতিথি করা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ আবদুর রহমানকে।
জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ ২০১০ সালের ১১ অক্টোবর হঠাৎ করে মাগুরা জেলা কমিটি গঠন করে দেয়। স্থানীয় নেতা-কর্মীরা এই কমিটি গঠনের ব্যাপারে আগে থেকে কিছুই জানতেন না। শেখ রেজাউল ইসলামকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল। পরে ১৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। মেয়াদ ছিল এক বছর। কিন্তু সাত বছর পার হলেও কোনো সম্মেলন না হওয়ায় নেতা-কর্মীরা হতাশ ছিলেন। তাই আজকের সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
বর্তমান জেলা কমিটির অন্তত ছয়জন নেতা প্রথম আলোকে বলেন, আগের কমিটি গঠন করা হয়েছিল অগণতান্ত্রিক প্রক্রিয়ায়; সম্মেলন ছাড়াই। এবার সম্মেলন হচ্ছে। তাঁরা আশা করছেন, এবার কমিটি গঠনের ক্ষেত্রে গণতান্ত্রিক পন্থা অবলম্বন করা হবে। সেটা হলে জনপ্রিয় ও ত্যাগী নেতৃত্ব বেরিয়ে আসবে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, সম্মেলনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই সম্মেলন একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।