মাগুরা মুক্তিযোদ্ধা সংসদের কমিটি বিলুপ্তি চায় একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদকে অদক্ষ, অযোগ্য ও দুর্নীতিপরায়ণ হিসেবে উল্লেখ করেছে মুক্তিযোদ্ধাদের একটি অংশ। গতকাল রোববার এক সভা থেকে সংসদের বর্তমান কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান তাঁরা।
দুপুরে ‘সচেতন মুক্তিযোদ্ধাবৃন্দ’-এর ব্যানারে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মহম্মদ আলী, শহিদুল মোল্লা, মো. আবুজার, গোলাম রসুল, গোলাম নবী, আবদুল মান্নান, মেহেদী রেজা, নুরুল বাসার প্রমুখ। সব মিলিয়ে জেলার প্রায় ৫০ জন মুক্তিযোদ্ধা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের অদক্ষতা, অযোগ্যতা ও দুর্নীতিপরায়ণতার কারণে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দিয়ে সংসদের নেতারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানহানি করছেন।
বক্তারা জেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমিটি বিলুপ্ত বা বাতিল করে নির্বাচনের মাধ্যমে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি তাঁরা বর্তমান মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই বিষয়ক কমিটিতে মুক্তিযুদ্ধকালের অন্তত তিনজন সশস্ত্র মুক্তিযোদ্ধাকে সংযুক্ত করারও দাবি জানান।
আহ্বায়ক কমিটি
সভা থেকে ৫৬ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা। এতে মো. আবুজারকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয় মোশাররফ হোসেন ও আইনজীবী ইসলাম আলী সরদারকে।
এ ছাড়া সভায় ‘মাগুরা জেলার বীর মুক্তিযোদ্ধাদের জন্য আপডেট মেসেজ’ শিরোনামে দুই পৃষ্ঠার একটি লিখিত প্রচারপত্র বিতরণ করা হয়। এতে মোট পাঁচটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলসহ (জামুকা) বিভিন্ন জায়গা থেকে জেলায় বরাদ্দ আসা উপকরণ ও টাকা খরচের বিষয়ে জবাবদিহি, মাগুরায় মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক দুর্বলতা ও নেতাদের বিভিন্ন দুর্নীতির অভিযোগ।
অভিযোগের বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্লা নবুওয়াত হোসেন প্রথম আলোকে, ‘যারা সভা করেছেন, তাঁরা আমাদের শ্রেণিশত্রু। এঁরা আমাদের কাছে তিন-তিনবার পরজিত হয়েছেন। এ কারণে তাঁরা নানামুখী তৎপরতা চালাচ্ছেন।’