মাগুরা-১ উপনির্বাচনে ভোটারের উপস্থিতি কম
মাগুরা-১ (সদরের একাংশ ও শ্রীপুর) আসনের উপনির্বাচনে আজ শনিবার ভোট নেওয়া হচ্ছে। ভোটার উপস্থিতি খুব কম। বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের ভাষ্যমতে, বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১০ শতাংশের মতো। এখনো কোনো কেন্দ্র থেকে কোনো অভিযোগের পাওয়া যায়নি।
এ আসন থেকে চারবার নির্বাচিত সাংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিরাজুল আকবরের মৃত্যুতে আসনটি শূন্য হয়। সিরাজুল আকবর গত ৯ মার্চ মারা যান। নির্বাচন উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে। এই আসনে ভোটারের সংখ্যা তিন লাখ ২৩ হাজার ১৪৪ জন।
উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব (নৌকা), আওয়ামী লীগের সাবেক নেতা ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায় (সিংহ), বিএনএফের বি এম মোতাসিম বিল্লাহর (টেলিভিশন) এবং এনপিপির কাজী তৌহিদুল আলম (আম)। নির্বাচনে বিএনপি-জামায়াতের কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মির্জা তৌফিকুল আজমের ভাষ্য, ভোট শুরু হওয়ার দুই ঘণ্টা পর মোট ভোট পড়েছে ২৪৮ টি। এ কেন্দ্রের ভোটার সংখ্যা ২৬৭৮ জন। তিতার খা পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রের দুই হাজার ৫০৯ জন ভোটারের মধ্যে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৮০ টি।
সকাল সাড়ে নয়টার দিকে শ্রীপুরের দরিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জালভোট দেওয়ার অভিযোগে জসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
মাগুরা জেলা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহর ভাষ্য, সকাল থেকে তিনি ২৫ টির মতো কেন্দ্র পরিদর্শন করেছেন। এসব কেন্দ্রে ভোট পড়েছে ছয় থেকে ১০ শতাংশ। কয়েকটি ভোট কেন্দ্রে নতুন পুরোনো ভোটার তালিকা নিয়ে একটু সমস্যা হচ্ছে। এ ছাড়া সব কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হচ্ছে।