মাঝপথ থেকে সরে আসার সম্ভাবনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পৌর নির্বাচনে মাঝপথ থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই’ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একেবারে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত সবাই ‘অ্যাক্টিভলি’ মাঠে থাকবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌর নির্বাচন তদারকির জন্য গঠিত দলের কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেলের সভা শেষে মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান। প্রায় সোয়া এক ঘণ্টা তাঁরা সভা করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করছি, এ নির্বাচনের মাধ্যমে সে আন্দোলনকে এগিয়ে নিতে পারব।’ নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করতে পারে, সেদিকে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ইসি এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে—এটা প্রমাণ করতে পারেনি। আমরা আহ্বান জানাব, তাঁরা যেন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেন। এটা তাঁদের জন্য আরেকটি পরীক্ষা। তাঁরা যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। দেশি-বিদেশি সংস্থাগুলো যেন মনে করতে পারে, এটা সুষ্ঠু নির্বাচন হয়েছে।’
এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে নামার সুযোগ আছে। তবে নামবেন কি না, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি খুব পরিষ্কার, আমরা জোটগতভাবে এই নির্বাচন করছি। ইতিমধ্যে আমাদের নেত্রীও বলেছেন।’ জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, কিছু কিছু জায়গায় সমস্যা হলেও জোটের মধ্যে সমঝোতা ঠিকই আছে। জামায়াত তো এখন নির্বাচন করছে না। তাদের কোনো মার্কা নেই। আছে? তারপরও হাউ ডু ইউ কনসিডার।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে দলের পক্ষ থেকে সঠিকভাবে পরিচালনার জন্য কয়েকটি সেল গঠন করা হয়েছে। নির্বাচন তদারকিতে বিভাগীয় মনিটরিং সেলগুলো সংশ্লিষ্ট পৌরসভার দলীয় প্রার্থীর প্রচার, রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে।
মির্জা ফখরুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রমুখ।