মাঠপর্যায় থেকে প্রার্থীর নাম পাঠাতে বলেছে আ.লীগ-বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ নিজ দলের মাঠপর্যায়ের নেতাদের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম পাঠাতে বলেছে আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগের প্রার্থী বাছাই করবেন জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতারা। আর বিএনপির প্রার্থীর নাম পাঠাবেন উপজেলা ও ইউনিয়নের নেতারা।
গতকাল শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের সমন্বয়ে গঠিত নির্বাচনী বোর্ডকে প্রার্থীর নাম চূড়ান্ত করে ১৫ ফেব্রুয়ারি সোমবারের মধ্যে দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে হবে। মনোনীত প্রার্থীর নাম, ভোটার নম্বর (১২ ডিজিট) এবং নির্বাচনী আইন, নীতিমালা ও বিধিমালা অনুযায়ী সব তথ্য প্রার্থীর নামের সঙ্গে পাঠাতে হবে।
প্রার্থীর ভোটার পরিচয়পত্রের অনুলিপি অবশ্যই পাঠাতে হবে, যা বাধ্যতামূলক। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করে নির্বাচন কমিশনে পাঠাবে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইউপি নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান পদে প্রতি ইউনিয়ন থেকে একজন করে প্রার্থীর নাম সুপারিশ আকারে কেন্দ্রে পাঠাতে হবে। সংশ্লিষ্ট উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদন করে কেন্দ্রে পাঠাবেন।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে। পর্যায়ক্রমে ৪ জুন পর্যন্ত মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৫টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। তফসিল অনুযায়ী, ২২ মার্চ প্রথম ধাপে ভোট গ্রহণ করা হবে ৭৫২টি ইউনিয়নে। এ ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ এবং প্রতীক বরাদ্দ হবে ৩ মার্চ।