মাদারীপুরে মাঠে বিএনপির তেমন তৎপরতা নেই। তবে কোন্দলের কারণে জেলায় বিএনপির নেতাদের দুই ধারা। কর্মসূচিও পালিত হয় আলাদা। এক পক্ষে আছেন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। অন্য পক্ষে জেলা যুবদলের সভাপতি। যুবদলের সভাপতির পক্ষে আছেন জেলা বিএনপির কয়েকজন নেতা ও পদবঞ্চিত নেতারা।
জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অন্য পক্ষের অভিযোগ, তাঁরা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেন ওই দুজন। তাঁদের মতে, বিশেষ সুবিধা নিতেই অন্য পক্ষের এমন অপপ্রচার।
জেলা বিএনপির সূত্র জানায়, দলের দুই পক্ষের কারওরই কার্যালয় নেই। মাঠে তৎপরতা কম, সাংগঠনিক কর্মকাণ্ডও কম। বিশেষ কিছু দলীয় কর্মসূচিই শুধু পালন করা হয়। এসব কর্মসূচি আবার পালিত হয় দুই পক্ষের দুই নেতার বাসায়। অর্থাৎ রাজনীতি নেতাদের বাসাকেন্দ্রিক হয়ে গেছে। সর্বশেষ গত ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পৃথকভাবে পালিত হয়েছে দুই পক্ষের দুই নেতার বাসায়। জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছে ২০১০ সালে। ওই সম্মেলনে আবু বকর সিদ্দিককে সভাপতি, জাহান্দার আলী জাহানকে সাধারণ সম্পাদক ও জামিনুর হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। তবে তখন পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে কোন্দল থামেনি। পদবঞ্চিত নেতারা যুক্ত হয়েছেন সভাপতি-সাধারণ সম্পাদকের বিপক্ষ অংশে। এই বিপক্ষ অংশের নেতৃত্বে আছেন জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মুরাদ। এ অংশের সঙ্গে রয়েছেন জেলা কমিটিরও কয়েকজন সদস্য।
একাংশের নেতাদের দাবি, মাদারীপুরে গত দুই বছরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে আন্দোলনকেন্দ্রিক ২০টি মামলা হয়েছে। মামলাগুলোয় আসামি করা হয় প্রায় ৪৫০ জনকে। এঁদের বেশির ভাগই তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী। তবে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের আসামি করা হয়নি। কারণ, তাঁরা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলেন।
জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান বলেন, মাদারীপুরের বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। কর্মীদের বিপদে ফেলে নেতারা সরকারদলীয় লোকের সঙ্গে সমঝোতা করে চলছেন। চলতি বছরের জানুয়ারিতে পুলিশ জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকে আটক করে। আওয়ামী লীগের একজন নেতা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান। কিন্তু তাঁদের সঙ্গে আটক হওয়া যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীদের পুলিশ মামলার আসামি দেখিয়ে কারাগারে পাঠায়। এতেই পরিষ্কার, তাঁরা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলছেন।
জেলা বিএনপির সূত্র জানায়, যুবদল সভাপতির নেতৃত্বাধীন অংশের কর্মকাণ্ড চলে তাঁর বাসায়। আর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক অংশের কর্মকাণ্ড চলে সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহানের বাসায়।
জাহান্দার আলী জাহান বলেন, ‘সারা দেশের মতো মাদারীপুরেও পুলিশি নির্যাতন আছে। পুলিশের ভয়ে আমাদের নেতা-কর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে কঠোর কর্মসূচি পালন করা কি সম্ভব?’ তিনি আরও বলেন, ‘আমাদের দল টিকিয়ে রাখতে একটু সতর্ক হয়ে চলতে হচ্ছে। তাই কেউ কেউ ভাবছেন, আমরা সমঝোতা করে চলছি। সমঝোতা করে কি রাজনীতি করা যায়?’
জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, মাদারীপুরে বিএনপির দুটি পক্ষ রয়েছে। যাঁরা পদবঞ্চিত হয়েছেন, তাঁরা আলাদা পক্ষ হয়ে মাঠে নামার চেষ্টা করেন। বিএনপির কেউ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলেন না। একটি পক্ষ বিশেষ সুবিধা নেওয়ার জন্য এমন অপপ্রচার চালায়। তিনি বলেন, ‘কেন্দ্রঘোষিত প্রায় সব কর্মসূচিই আমরা পালন করার চেষ্টা করি।’