মাঠে থাকবে আ.লীগ: ওবায়দুল কাদের
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা ‘অবরোধ’ ঠেকাতে আওয়ামী লীগ মাঠে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
আজ সোমবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা জানান। তিনি বলেন, ‘অবরোধে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সারা দেশে শান্তিপূর্ণ অবস্থান নেবে। আমরা নাশকতাকে অবরোধ করব, সহিংসতাকে প্রতিরোধ করব, ককটেল ও পেট্রলবোমা সন্ত্রাসকে রুখে দাঁড়াব।’
খালেদা জিয়ার ডাকা অবরোধ কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে “বেসামাল” বেগম খালেদা জিয়া দেশবাসীকে গভীর অন্ধকারে নিমজ্জিত করার অশুভ লক্ষ্যেই অনির্দিষ্ট কালের অবরোধ ঘোষণা করেছেন। দেশের শান্তিপ্রিয় মানুষ কোনোভাবেই এ কর্মসূচি মানবে না।’ তিনি আরও বলেন, ‘৯ জানুয়ারি থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে অবরোধ কর্মসূচি দিয়ে খালেদা জিয়া ধর্মপ্রাণ মুসলমানদের ব্যথিত করেছেন। এর মধ্য দিয়ে প্রমাণিত হলো, খালেদা জিয়ার ধর্মীয় বিশ্বাস একেবারেই ঠুনকো।’
ওবায়দুল কাদের বলেন, পরাজিত সেনাপতির প্রতিহিংসার ভূত খালেদা জিয়ার ওপর ভর করেছে। ইচ্ছাকৃতভাবে অবরোধ নাটক সাজিয়ে দেশবাসীকে তিনি ভোগান্তির মধ্যে নিপতিত করেছেন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়াটা ছিল তাঁর ঐতিহাসিক রাজনৈতিক ভুল। এ ভুলের কারণে তিনি ও তাঁর দল সংসদের বাইরে। তাঁর এ ভুলের খেসারত জনগণকে কেন দিতে হবে? খালেদা জিয়া দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, তিনি মানুষ হত্যা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছেন। অবরোধের নামে দেশের মানুষকে অবরুদ্ধ করে, সন্ত্রাসকে পুঁজি করে জনগণের মন জয় করা যায় না। প্রতিহিংসার অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কাজে যাওয়ার জন্য খালেদা জিয়ার কাছে আহ্বান জানান তিনি।
অবরোধের মধ্যে যানবাহন চলাচল করবে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যেই রেল, নৌ ও বাস চলাচল শুরু হয়েছে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তাঁকে (খালেদা জিয়া) অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছি।’