মাঠে থাকবে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা ‘অবরোধ’ ঠেকাতে আওয়ামী লীগ মাঠে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
গতকাল সোমবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা
জানান। তিনি বলেন, ‘অবরোধে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সারা দেশে শান্তিপূর্ণ অবস্থান নেবে। আমরা নাশকতাকে অবরোধ করব, সহিংসতাকে প্রতিরোধ করব, ককটেল ও পেট্রলবোমা সন্ত্রাসকে রুখে দাঁড়াব।’
অবরোধের মধ্যে যানবাহন চলাচল করবে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যেই রেল, নৌ ও বাস চলাচল শুরু হয়েছে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তাঁকে (খালেদা জিয়া) অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছি।’ খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক ও পুলিশ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন তিনি নিরাপত্তা চেয়েছেন। যত দিন প্রয়োজন হয় তাঁকে নিরাপত্তা দেওয়া হবে।
আজ ১৬টি স্থানে থাকবে আ.লীগ: গত রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপিঘোষিত অবরোধ কর্মসূচি প্রতিরোধের লক্ষ্যে আজ মঙ্গলবার রাজধানীর ১৬টি স্থানে অবস্থান নেবে আওয়ামী লীগ। স্থানগুলো হলো মিরপুর-১২ পূরবী সিনেমা হলের সামনে, শ্যামপুর-জুরাইন রেলগেট, ডেমরা-যাত্রাবাড়ী মাঠ, বাড্ডা-রামপুরা পেট্রোল পাম্প এলাকা, ধানমন্ডি-৩২ নম্বর, মিরপুর-১ গোলচত্বর, লালবাগ, গুলশান, সূত্রাপুর, তেজগাঁও, সবুজবাগ-খিলগাঁও, উত্তরা, কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর-টাউন হল, কাফরুল ও সোহরাওয়ার্দী উদ্যান। এ জন্য দলের কেন্দ্রীয় নেতা ও সাংসদদের সমন্বয়ে ১৬টি কমিটি গঠন করা হয়েছে।