মাঠে থাকা নিয়ে শঙ্কা বিএনপি প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা
খুলনা

খুলনায় বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা স্বস্তিতে নেই। বিএনপির প্রার্থীদের মধ্যে শেষ পর্যন্ত মাঠে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রচারের শুরুতেই কয়েকটি ইউনিয়নে বিএনপির প্রার্থী ও তাঁদের সমর্থকেরা হামলার শিকার হয়েছেন। আর আওয়ামী লীগের বিদ্রোহীরা মনে করছেন চাপ নিয়ে মাঠে থাকতে পারবেন। তবে জোরজবরদস্তি করে ভোট কেটে নিতে পারেন সরকারদলীয় প্রার্থী।
গত বৃহস্পতিবার প্রার্থীরা প্রতীক পেয়েছেন। পরদিন মাঠে নেমে প্রচার শুরু করেছেন তাঁরা। এর মধ্যে শুক্রবার রাতে বিএনপির কয়েকজন প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা হয়েছে।
এই অবস্থায় গতকাল শনিবার খুলনা জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে বর্ধিত সভা করে। পরে বিভিন্ন স্থানে তাদের প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ করে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয় বিএনপি।
জানতে চাইলে খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম প্রথম আলোকে বলেন, ২২ ফেব্রুয়ারি তাঁদের দুজন প্রার্থীর মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে সরকারি দলের লোকজন। এরপরও মাঠে নেমেছিলেন তাঁরা। কিন্তু সরকারি দল নির্বাচন নয়, ভোট কেটে নিতে চায়। এ জন্যই শুরু থেকে প্রার্থী, সমর্থক ও ভোটারদের মারধর শুরু করেছে।
খুলনা জেলার নয়টি উপজেলায় ৬৭টি ইউপিতে ভোট হবে ২২ মার্চ। এর মধ্যে বিএনপির প্রার্থী আছেন ৫৭টিতে। বাকিগুলোতে তারা প্রার্থী দিতে পারেনি বা প্রত্যাহার করে নিয়েছে। আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বাইরে বিদ্রোহী আছেন ৪৫ জন।
হামলায় সন্ত্রস্ত বিএনপির প্রার্থীরা: গত শুক্রবার রাত আটটার দিকে বটিয়াঘাটার আমিরপুর ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল ইসলাম খানকে কোপায় প্রতিপক্ষের লোকজন। তাঁর মাথায় ধারালো অস্ত্রের কয়েকটি আঘাত রয়েছে। চারটি সেলাই নিয়ে তিনি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এ ঘটনায় একজন ইউপি সদস্যও আহত হন। এ বিষয়ে খায়রুল বলেন, আগে থেকেই তাঁর কর্মীদের হুমকি-ধমকি দেওয়া হয়েছিল। তিনি প্রচারেও নামেননি। এর মধ্যেই তাঁকে কোপানো হয়েছে। এখন তো কর্মীরা আর নামতে সাহস পাবেন না।
অবশ্য আওয়ামী লীগের প্রার্থী জি এম মিলন দাবি করেন, ‘আমি এতে জড়িত না। জমিজমা-সংক্রান্ত বিরোধে এলাকাবাসীর সঙ্গে খায়রুলের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।’
বৃহস্পতিবার গভীর রাতে রূপসা উপজেলার আইচগাতী ইউপির জেলা শ্রমিক দলের নেতা উজ্জ্বল কুমার সাহাসহ বিএনপির কয়েকজন কর্মীর বাড়িতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উজ্জ্বল আবার খুলনা সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের সভাপতি। বিএনপির প্রার্থী খান জুলফিকার আলীর পক্ষে গণসংযোগ করে রাতে বাসায় ফেরার পরই এ হামলা হয়।
উজ্জ্বল দাবি করেন, বিএনপির প্রার্থীর পক্ষে যাতে কাজ না করতে পারেন, সে জন্যই আওয়ামী লীগের প্রার্থী আশরাফুজ্জামানের লোকজন এ কাজ করেছে। এ বিষয়ে মামলা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে আশরাফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা বলেন, ‘স্যার ব্যস্ত। পরে আপনার সঙ্গে যোগাযোগ করবেন।’
রূপসার শ্রীফলতলা ইউনিয়ন পরিষদে বিএনপির প্রার্থী মনিরুল হাসান গত দুই মেয়াদের চেয়ারম্যান। এবারও তিনি প্রার্থী হয়েছেন। গত বৃহস্পতিবার তাঁর কর্মীদের ওপর হামলা করে প্রতিপক্ষ। দুজন হাসপাতালেও ভর্তি হন। মনিরুল অভিযোগ করেন, তিনি নামতেই পারছেন না। পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।
এর আগে ২২ ফেব্রুয়ারি তেরখাদা সদর ইউনিয়ন বিএনপির মনোনীত প্রার্থী এস এম মহিবুল্লাহ মনোনয়নপত্র জমা দিতে গেলে আওয়ামী লীগের অহিদুজ্জামানের সমর্থকেরা তা ছিঁড়ে ফেলেন। ফলে তিনি আর প্রার্থী হতে পারেননি।
এ বিষয়ে জানার জন্য ফোন করলে অহিদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। গত ২৯ ফেব্রুয়ারি তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তারকে মারধরের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। ডাক্তাররা ধর্মঘট পালন করছেন। পুলিশও তাঁকে খুঁজছে।
আওয়ামী লীগের বিদ্রোহীদের ভোট কাটার ভয়: খুলনা জেলায় আওয়ামী লীগের ৪৫ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে ১৩ জনই বর্তমান চেয়ারম্যান।
স্থানীয় সূত্র জানায়, জেলা সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক সাংসদ এস এম মোস্তফা রশিদী সুজার মধ্যে দ্বন্দ্ব চরমে। তবে প্রভাব ও পেশিশক্তিতে সুজার সঙ্গে পেরে উঠছেন না হারুন। এর প্রতিফলন দেখা গেছে এবারের ইউপি নির্বাচনের প্রার্থী বাছাইয়ে। ৫৫টি ইউনিয়নেই সুজার পছন্দের ব্যক্তিরা মনোনয়ন পেয়েছেন। বিশেষ করে সুজার নির্বাচনী এলাকার তিন উপজেলা রূপসা, তেরখাদা ও দীঘলিয়ায় একচ্ছত্র নিয়ন্ত্রণ সুজার। এই তিন উপজেলায় ১৭টি ইউনিয়ন রয়েছে।
এই তিন উপজেলাসহ জেলার অন্য উপজেলার অন্তত ১০ জন বিদ্রোহী জানিয়েছেন, তাঁদের অনুসারীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোটের দিন কেন্দ্র দখল হয়ে যেতে পারে বলে আশঙ্কা তাঁদের। দাকোপের সুতারখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গাজী আশরাফ এবার বিদ্রোহী প্রার্থী। তিনি বলেন, ভোট কেটে না নিলে তিনি জয়ী হবেন। দাকোপ সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সঞ্জয় কুমার মোড়ল বলেন, ‘আমার ইউনিয়ন সভাপতি ডেকে ডেকে কর্মীদের বলছেন নৌকার বিপক্ষে কথা বললে চোখ তুলে ফেলা হবে।’
তেরখাদার আজগড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাদশা মল্লিক এবার মনোনয়ন পাননি দলীয় কোন্দলের কারণে। তিনি অভিযোগ করেন, তাঁর সমর্থকদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস তাঁর কর্মীদের নামের তালিকা করে গ্রেপ্তারের জন্য থানায় পাঠিয়েছেন। এ জন্য কর্মীরা আতঙ্কে আছেন। আর ভোট কেটে নেওয়ার আশঙ্কাও আছে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান খান প্রথম আলোকে বলেন, ‘এগুলো গুজব। অভিযোগ তো সবাই দিতে পারে। ব্যবস্থা কী নেওয়া হয়েছে, সেটাই আসল। আমি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাব।’