
শরীয়তপুরের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেতে ১৭ জন নেতা ফরম জমা দিয়েছেন। কিন্তু নেতা ও তাঁদের কর্মী-সমর্থকেরা কেউ মাঠে নামেননি। এলাকায় তাঁদের কোনো তৎপরতা নেই। চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় তাঁরা ঢাকায় অবস্থান করছেন।
নেতা-কর্মীরা বলছেন, এখন তাঁরা মামলা, হামলা ও গ্রেপ্তার আতঙ্কে আছেন। চূড়ান্ত ঘোষণা এলে তাঁরা মাঠে নামবেন।
বিএনপির সূত্র জানায়, শরীয়তপুর–১ (সদর, জাজিরা) আসনের প্রার্থী হতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালু, সহসভাপতি সিরাজুল হক মোল্লা, শাহ আবদুস সালামসহ আটজন।
নাসির উদ্দিন বলেন, এখনো নির্বাচন কমিশন পরিবেশ সৃষ্টি করতে পারেনি। নেতা-কর্মীরা আতঙ্কিত, শঙ্কিত। তাই চূড়ান্ত মনোনয়ন ঘোষণা না হওয়া পর্যন্ত কর্মীরা মাঠে কাজ করতে পারছেন না।
শরীয়তপুর–২ (নড়িয়া-সখীপুর) আসনে মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সফিকুর রহমান কিরণ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হিরু, জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সেনা কর্মকর্তা ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফয়সাল আহম্মেদ।
>মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না নেতা–কর্মীরা। তাঁরা এখনো গ্রেপ্তার–আতঙ্কে আছেন।
সফিকুর রহমান বলেন, মাঠপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা সংগঠিত আছেন। কৌশলগত কারণে তাঁরা চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগে মাঠে নামছেন না। মনোনয়ন চূড়ান্ত হলে কর্মী-সমর্থকেরা ভোটারদের কাছে পৌঁছে যাবেন।
শরীয়তপুর–৩ (ডামুড্যা-ভেদরগঞ্জের আংশিক ও গোসাইরহাট) আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়নের আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুউদ্দিন অপু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ আসলাম, শরীয়তপুর জেলা মহিলা দলের আহ্বায়ক আল আসমাউল হুসনা, প্রয়াত আওয়ামী লীগ নেতা হেমায়েত উল্লাহর স্ত্রী বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাহমিনা আওরঙ্গ, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক আফজাল হোসেন সবুজ।
আসমাউল হুসনা বলেন, দলীয় নেতা, কর্মী ও সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তাঁদের নেত্রী কারাগার থেকে বের হয়ে নির্বাচনে অংশ নেবেন। মনোনয়ন চূড়ান্ত হলে তাঁরা নির্বাচনী মাঠে তৎপর হবেন।
শরীয়তপুর জেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, ‘আমরা সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আছি। ঘরোয়াভাবে সংগঠিত হচ্ছি। মনোনয়ন চূড়ান্ত হয়ে গেলে সবাই মাঠে নামবে। আমাদের অনেক নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। নতুন করে মামলা, হামলা ও গ্রেপ্তার আতঙ্ক রয়েছে।’