মাঠে নেই ছাত্রদল, ক্লাস-পরীক্ষা স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালে সাড়া নেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস ও পরীক্ষা নিয়মিতই হচ্ছে। মাঠে নেই ছাত্রদল। বুয়েট-মেডিকেলেও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক।

গত রোববার থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন সময়ে এসব এলাকার বিশ্ববিদ্যালয়সহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে এই পরিস্থিতি দেখা গেছে।

রোববার সকাল নয়টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ মিনারের সামনে কয়েকজন শিক্ষার্থী আড্ডা দিচ্ছিলেন। তাঁদের অন্তত সাতজন জানান, এখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক। হরতাল-অবরোধ শুরু হওয়ার পর কয়েক দিন কিছু কিছু শিক্ষক ক্লাস নেননি। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। নিয়মিত ক্লাস হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসফিয়া তাবাসসুম প্রথম আলোকে বলেন, লাগাতার অবরোধ শুরু হওয়ার পরও কলেজে নিয়মিতই ক্লাস-পরীক্ষা হয়েছে, এখনো হচ্ছে।

বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী সন্তানের জন্য অপেক্ষা করছিলেন অভিভাবক সুরাইয়া বেগম। বললেন, এখন তো হরতাল-অবরোধ প্রায় নেই বললেই চলে। তবে নামকাওয়াস্তে বিএনপি টানা যে কর্মসূচি দিয়ে রেখেছে, সেটা তাদের জন্যই হিতে বিপরীত হচ্ছে।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠে অপেক্ষমাণ কয়েকজন নারী অভিভাবকের সঙ্গে কথা হয়। ওই স্কুলের এক শিক্ষার্থীর মা আফসানা জামান জানান, আগে তিনি বাচ্চাকে স্কুলে দিয়ে আবার বাসায় যেতেন। কিন্তু চলতি বছর থেকে বাচ্চার স্কুল শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকেন। একটা ভয় কাজ করে।

দুই দিনে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, নীলক্ষেত হাইস্কুল, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে একই চিত্র পাওয়া গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, কার্জন হল, ব্যবসায় শিক্ষা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক। পরীক্ষাগুলোও নিয়মিত হচ্ছে বলে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে। শিক্ষার্থীদের বহনকারী বাস চলছে, বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যক্তিগত প্রচুর গাড়িও চলাচল করছে। তবে অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দোকানগুলো বন্ধ থাকায় সেখানে জনসমাগম কম।

হরতাল ডেকে মাঠে নেই বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। প্রতিদিন সকালে ক্যাম্পাসের আশপাশে ঝটিকা মিছিলে সীমাবদ্ধ সংগঠনটির কার্যক্রম। এসব মিছিল স্থায়ী হয় ৫ থেকে ১০ মিনিট।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মিছিলগুলো শুরুর পর কয়েকটি ছবি তুলেই দ্রুত ব্যানার গুটিয়ে বিভিন্ন দিকে চলে যান নেতা-কর্মীরা। গতকাল সকাল আটটার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে ছাত্রদলের ১০-১২ জন নেতা-কর্মী একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ের আগেই কর্মসূচি শেষ করেন।