পাবনায় অবরোধের ২১ দিনে নাশকতা সৃষ্টি ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে। একই সময় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে ১ হাজার ৩৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন শীর্ষ নেতাসহ বিএনপি-জামায়াতের ১৪৩ জন নেতা-কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ শতাধিক ব্যক্তি জামিন পেয়েছেন।
এদিকে গ্রেপ্তার-আতঙ্কে গা ঢাকা দিয়েছেন বিএনপি-জামায়াতসহ ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা। গত ২১ দিনে অবরোধ ও হরতালের সমর্থনে মাঠে নামেননি কেউ। তবে গুপ্ত হামলায় দুটি বাস ও দুটি ট্রাকে আগুন এবং চারটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পাবনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ওবায়দুর রহমান জানান, এই কারাগারে ধারণক্ষমতা ৫৭৫ জন। গতকাল সোমবার মোট বন্দীর সংখ্যা ছিল ১ হাজার ২৭৩ জন। এর মধ্যে ৮০৯ জনই হাজতি।
পাবনা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, দেশজুড়ে ২০-দলীয় জোটের অবরোধ শুরুর পর থেকে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে মোট ১ হাজার ৩৪৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জেলা জামায়াতের আমিরসহ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী রয়েছেন ১৪৩ জন। হরতাল-অবরোধের নামে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া গত ২১ দিনে গুপ্ত হামলা চালিয়ে অবরোধ-হরতালের সমর্থকেরা ঈশ্বরদীতে একটি ট্রাক, সুজানগরে একটি বাস এবং জেলা সদরে একটি বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে। ভাঙচুর করেছে আরও চার-পাঁচটি যানবাহন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, চলতি হরতাল-অবরোধে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতা সৃষ্টির অপরাধে মোট তিনটি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৫ জানুয়ারি বিএনপির নেতা-কর্মীরা দলীয় কর্মসূচি পালনের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি, পুলিশের কাজে বাধাদানের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় জেলা বিএনপির সহসভাপতি আবদুস সামাদ খান, সদর থানা বিএনপির সভাপতি এ কে এম মুসা, সহসভাপতি বাবুল বিশ্বাস, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম, ছাত্রদলের সভাপতি হিমেল রানাসহ ৫৫ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, চলমান আন্দোলনকে দমাতে ২০-দলীয় জোটের অধিকাংশ নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ জেলা সদরে তিনটি, বেড়ায় দুটি, ফরিদপুরে একটি, চাটমোহরে একটি ও ঈশ্বরদীতে দুটি মামলা করেছে। পাড়া-মহল্লায় প্রতিদিন অভিযান চালিয়ে তাঁদের খোঁজা হচ্ছে। যাঁকে ধরতে পারছে, তাঁকেই মামলায় আসামি করা হচ্ছে। ফলে নেতা-কর্মীরা আতঙ্কে রয়েছেন। এ কারণেই আন্দোলন কর্মসূচিতে নেতা-কর্মীরা মাঠে নামতে পারছেন না।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বলেন, বিনা অপরাধে কাউকেই গ্রেপ্তার করা হয়নি। কোনো হয়রানির ঘটনাও ঘটছে না। বাস-ট্রাকে আগুন, জনগণের জানমালের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি ও নাশকতা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগেই মামলা হয়েছে।