শিগগিরই মাঠের কর্মসূচির মাধ্যমে আবার নড়াচড়া দিয়ে উঠতে চাইছে এইচ এম এরশাদের জাতীয় পার্টি (জাপা)। পাশাপাশি নতুন কো-চেয়ারম্যান ছোট ভাই জি এম কাদেরকে দলে পোক্ত অবস্থান করে দিয়ে নির্ভার হতে চাইছেন এরশাদ। যদিও এর বিরুদ্ধে দলের ভেতরে বিরোধিতা ও তৎপরতা ক্রিয়াশীল আছে।
জাপার দায়িত্বশীল একাধিক নেতা প্রথম আলোকে বলেন, এরশাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে ছোট ভাই জি এম কাদেরকে নিজের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করা। একই সঙ্গে মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকেও থিতু দেখতে চান তিনি। এ কারণে গতকাল বুধবার সকালে বনানীতে নিজ কার্যালয়ে কো-চেয়ারম্যান ও মহাসচিবকে বরণ অনুষ্ঠানে এরশাদ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় দুই নেতাকে সঙ্গে নিয়ে তিনি কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়েও যান।
বনানীর অনুষ্ঠানে এরশাদ বলেন, আগামী এপ্রিলে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন হবে। ওই সম্মেলনে নেতা-কর্মীরা চাইলে তিনি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতেও রাজি আছেন।
জাপার সূত্র জানায়, নবনিযুক্ত দুই নেতা কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলে বাধা আসতে পারে বলে আশঙ্কা ছিল। আবার দলের একটি অংশ গতকালও তৎপর ছিল জি এম কাদেরকে ২ নম্বরে রেখে রওশন এরশাদকে ১ নম্বর কো-চেয়ারম্যান করতে। কিন্তু এরশাদ তাতে সম্মত হননি। রওশনও এ ব্যাপারে উৎসাহী নন বলে তাঁর ঘনিষ্ঠ একজন নেতা জানিয়েছেন।
বনানীর অনুষ্ঠানে এরশাদ স্ত্রীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান না করার একটি ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘আমার স্ত্রী রওশন এরশাদকে কো-চেয়ারম্যান করতে চেয়েছিলাম। কিন্তু তাঁর বয়স এখন ৭৬ বছর। আগামী নির্বাচনের সময় তাঁর বয়স হবে ৭৯ বছর। সে সময় তিনি এবং আমি নিজেও চলতে পারব কি না, জানি না। নির্বাচনের কাজে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয়। এসব চিন্তা করেই জি এম কাদেরকে কো-চেয়ারম্যান করেছি।’
অনুষ্ঠানে দলের মহাসচিব পদে রদবদলের কারণও উল্লেখ করেন এরশাদ। তিনি বলেন, ‘বাবলুর বাবা যখন অসুস্থ ছিলেন, তখন আমি নিজ খরচে ব্যাংককে গিয়ে দেখে এসেছি। ওকে (বাবলু) আমি সন্তানের মতো দেখতাম। কিন্তু ও সেলফিশের (স্বার্থপরের) মতো আচরণ করেছে। আমি যখন রংপুরে ছিলাম, সে আমার স্ত্রীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছে। এ কারণেই তাঁকে মহাসচিব পদ থেকে বাদ দিয়েছি।’
রুহুল আমিন হাওলাদার প্রসঙ্গে জাপার চেয়ারম্যান বলেন, ‘মহাসচিব পদ থেকে বাদ দেওয়ার দুই বছরে সে আমার বিরুদ্ধে একটি কথাও কাউকে বলেনি। বুকের ভেতর চেপে রেখেছে। এটা শুধু আনুগত্যের কারণে। কিন্তু এই সেলফিশ (বাবলু) আমি ঢাকার বাইরে যাওয়ার পর আমার স্ত্রীকে বিভ্রান্ত করেছিল। আমি বেঁচে থাকতে সে এই কাজ করল!’
অনুষ্ঠানে এরশাদ সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনের ফলাফল জাতীয় পার্টির জন্য ‘লজ্জার’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘যখন আমরা ভোট চাইতে যাই, তখন জনগণ বলে আপনি তো সরকারের সঙ্গে আছেন। আপনাকে ভোট দেব কেন? নৌকাতেই ভোট দেব।’
জাপার দুজন কেন্দ্রীয় নেতা বলেন, শিগগিরই কিছু জেলায় দলের সম্মেলন করা হবে। পাশাপাশি সাংগঠনিক কর্মসূচিও দেওয়া হবে। মানুষের মধ্যে বিশ্বাস জাগাতে এসব কর্মসূচিতে সরকারবিরোধী মনোভাব দেখানো হবে।
জানতে চাইলে জাপার নতুন কো-চেয়ারম্যান জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘জাতীয় পার্টির রাজনীতি স্পষ্ট নয়। জনগণের প্রত্যাশার দিকে তাকিয়ে আমাদের রাজনীতি স্পষ্ট করতে হবে এবং সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করতে হবে। যাতে মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হয়।’