দশম জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক এবং চলতি বছরের শুরুর দিকে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দেশের অধিকাংশ জেলায় বিএনপির নেতাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন বা পালিয়ে বেড়াচ্ছেন। তবে এর অনেকটাই ব্যতিক্রম শরীয়তপুর জেলা বিএনপি। ওই দুই দফায় আন্দোলনেও জেলার বিএনপির নেতাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাঁদের পালিয়েও বেড়াতে হচ্ছে না। তারপরও এখানে দলটির তেমন কোনো কর্মকাণ্ড নেই। এমনকি গত ৩০ মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিও পালিত হয়নি।
এর কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেল, দুই দফা আন্দোলনে ব্যর্থতার কারণে জেলা বিএনপির নেতা-কর্মীরা দলীয় কর্মসূচি পালনে খুব একটা আগ্রহী নন। নতুন করে কোনো ঝামেলায়ও জড়াতে চান না তাঁরা। তবে মধ্যম সারির নেতা ও দলের কর্মীদের অভিযোগ, জেলার নেতারা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলছেন। তা ছাড়া, সর্বশেষ ঘোষিত কমিটির পর দলের একটি অংশ দলীয় কর্মকাণ্ড থেকেও দূরে থাকছেন। শরীয়তপুর শহরের দুই প্রান্তে ভাড়া করা ঘরে দুই পক্ষের দুটি কার্যালয় রয়েছে। তবে কার্যালয় দুটি অনেক দিন ধরে তালাবদ্ধ। দলীয় কর্মকাণ্ডও তেমন নেই।
জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ও শরীয়তপুর পৌরসভার কাউন্সিলর দুলাল খান বলেন, ‘শরীয়তপুরে মাঠে বিএনপি নেই। ফেসবুক ও ফটোসেশনের মধ্যেই কর্মসূচি আটকে আছে। ঘরে বসে ছবি তুলে ও ফেসবুকে তা দিয়ে প্রচার করে রাজনৈতিক দল চালানো যায় না।’ স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক রুহুল মুন্সি বলেন, এখানে বিএনপির রাজনীতি এখন কাগজ-কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে।
দলের নেতা-কর্মীরা বললেন, গত এক বছরে কেন্দ্র ঘোষিত দলীয় কিছু কর্মসূচি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের বাসভবনে পালন করা হয়েছে। তাঁর সমর্থক ২০-২৫ জন লোক এসব কর্মসূচিতে জড়ো হয়েছেন। সেই কর্মসূচি পালনের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে দিয়ে কর্মসূচি পালনের প্রচারণা চালানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, ‘পুলিশ কোনো কর্মসূচি পালন করতে দেয় না। তাই নিজের বাসভবনে বসে কিছু কর্মসূচি পালন করি। পুলিশের হয়রানি ও আওয়ামী লীগের হামলার ভয়ে দলীয় কার্যালয় পর্যন্ত খুলতে সাহস পাই না। কর্মসূচি পালনের ছবি ফেসবুকে দেওয়া হয়।’ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলার অভিযোগ অস্বীকার করেন তিনি।
বিএনপির সূত্র বলেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের আগে ও পরে বিভিন্ন ঘটনায় শরীয়তপুরে পুলিশ পাঁচটি মামলা করেছে। মামলাগুলোতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়। তবে এসব মামলায় বিএনপির কোনো পর্যায়ের নেতাকে আসামি করা হয়নি। তাঁদের কারও ওপর হামলার ঘটনাও ঘটেনি। ফলে মামলা-হামলার ভয়ে তাঁদের পালিয়েও থাকতে হচ্ছে না। কিন্তু তবু দলীয় কর্মসূচি পালন তেমন হয় না।
জেলা বিএনপির নেতা-কর্মীদের রাজনীতিতে অনাগ্রহের কারণ হিসেবে জেলা কমিটির দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই জেলা আওয়ামী লীগের ঘাঁটি। এখান থেকে বিএনপির কেউ কখনো জিতবে, তা ভাবা যায় না। তাই দল ক্ষমতায় না থাকলে শরীয়তপুরে কর্মকাণ্ড করে দল বা ব্যক্তির কোনো লাভ নেই। এ জন্য জেলা বিএনপি নিষ্ক্রিয় থাকছে।
দলীয় সূত্র বলেছে, জেলা বিএনপির সর্বশেষ কমিটি হয় ২০১২ সালের ৮ সেপ্টেম্বর। কেন্দ্র থেকে ১৭১ সদস্যের এই কমিটি করে দেওয়া হয়। এতে শফিকুর রহমানকে সভাপতি ও সরদার নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। তখন কমিটি বাতিলের দাবিতে তৃণমূলের নেতা-কর্মীরা আন্দোলন করেন। ওই কমিটিকে কেন্দ্র করেই জেলা বিএনপির বিভক্তি শুরু হয়। এক পক্ষে আছেন জেলা কমিটির নেতারা। অন্য পক্ষে আছেন জেলা কমিটিতে পদবঞ্চিতরা। এই পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল শরীফ। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আছে এই পক্ষে। যুবদলের আগের কমিটিও এই পক্ষে ছিল। কিন্তু প্রায় ছয় মাস আগে গঠিত যুবদলের নতুন কমিটি জেলা বিএনপির কমিটির পক্ষে। জেলা কমিটির কার্যালয় কোর্ট এলাকায় আর তাঁদের বিরোধী পক্ষের কার্যালয় শহরের অন্য প্রান্ত নতুন বাসস্ট্যান্ড এলাকায়।
জামাল শরীফ বলেন, ‘শরীয়তপুরে তৃণমূল পর্যায়ের বিএনপিকে আমি নেতৃত্ব দিয়ে মাঠে রেখেছি। আন্দোলন করেছি, মামলা-হামলার সম্মুখীন হয়েছি। ষড়যন্ত্র করে আমাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।’