মাঠে ফিরতে পারাই বড় প্রাপ্তি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান পৌরসভার বিএনপির মেয়র পদপ্রার্থী কাজী আবদুল্লাহ আল হাছান টানা পাঁচ বছর এলাকায় ঢুকতে পারেননি। তিনি পৌরসভার বর্তমান মেয়র হওয়ার পরও কার্যালয়ে বসে দায়িত্ব পালন করতে পারেননি। পৌর নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী হওয়ার পর নির্বিঘ্নে এলাকায় গণসংযোগ করেছেন। তাঁর সঙ্গে দলের শতাধিক কর্মীও এলাকায় ঢুকতে পেরেছেন।
বিএনপির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাছাড়া সীতাকুণ্ড, মিরসরাই, সাতকানিয়া ও বাঁশখালীর নেতা-কর্মীরা পৌর নির্বাচন উপলক্ষে এলাকায় ফিরতে পেরেছেন। ভোটের ফলে চট্টগ্রাম জেলার ১০টি পৌরসভায় দলের প্রার্থীরা পরাজিত হলেও নেতা-কর্মীরা এলাকায় ফিরতে পেরেছেন—এটিকেই বড় প্রাপ্তি ভাবছেন বিএনপির নেতারা।
জানতে চাইলে কাজী আবদুল্লাহ আল হাছান প্রথম আলোকে বলেন, ‘আমি পাঁচ বছর আগে জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলাম। কিন্তু রাউজানে যাওয়া আমার জন্য নিষিদ্ধ ছিল। এবার পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর আমি এলাকায় যাওয়ার চেষ্টা করি। মনোনয়নপত্র দাখিলের পর এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিই। গণসংযোগ ও প্রচারণা চালিয়েছি। নির্বাচন উপলক্ষে আমার শতাধিক কর্মীও এলাকায় ঢুকতে পেরেছে। অথচ এসব কর্মী দুই থেকে সাত বছর পর্যন্ত এলাকায় যেতে পারেনি।’
এক প্রশ্নের জবাবে কাজী আবদুল্লাহ আল হাছান জানান, চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে রাউজান, মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপের অনেক নেতা-কর্মী ঘরছাড়া হন। পৌর নির্বাচনের আগে বেশির ভাগ নেতা-কর্মী এলাকায় ফিরতে পেরেছেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আসলাম চৌধুরীর গ্রামের বাড়ি সীতাকুণ্ড। বিভিন্ন মামলার কারণে তিনিও দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পৌর নির্বাচনে তিনি প্রকাশ্যে আসেন। দলের প্রার্থীদের পক্ষে সীতাকুণ্ডসহ বিভিন্ন উপজেলায় তিনি প্রচারণাও চালান।
জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী বলেন, ‘আমাদের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক মিথ্যা মামলা, হামলা ও হুলিয়ার ভয়ে এলাকাছাড়া হয়েছিল। প্রায় দু-আড়াই বছর অনেকে ঘরবাড়িতে যেতে পারেনি। এবারের নির্বাচনে বিএনপি অংশ নেওয়ায় আত্মগোপনে থাকা অনেক নেতা-কর্মী এলাকায় ফিরে এসেছে। তাদের ফিরে আসাটা আমাদের অর্জন।’
চট্টগ্রাম দক্ষিণ জেলার চারটি উপজেলার ৪৫ থেকে ৫০ জন নেতা নিজ নিজ এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। দুই বছর ধরে তাঁদের এলাকায় যাওয়া ‘নিষিদ্ধ’ ছিল।
জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মামলা-হামলা ও হুলিয়ার কারণে আমাদের অর্ধশতাধিক নেতা নিজ এলাকায় যেতে পারতেন না। কিন্তু এবারের পৌরসভা নির্বাচন উপলক্ষে অন্তত ৪৫ থেকে ৫০ জন জেলা ও উপজেলা পর্যায়ের নেতা বাড়িঘরে ফিরতে পেরেছেন।’
এক প্রশ্নের জবাবে মহিউদ্দিন বলেন, ‘দক্ষিণ জেলার মধ্যে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও পটিয়ার অনেক নেতা-কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দীর্ঘ প্রায় দুই বছর পর দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি আলমগীর কবির ও সদস্য লিয়াকত আলী, পটিয়ার বাসিন্দা ও দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ ৪৫-৫০ জনকে আমরা সাংগঠনিক ও নির্বাচনী কাজে এলাকায় পেয়েছি।’
চট্টগ্রাম অঞ্চলে পৌর নির্বাচন তদারক করার দায়িত্বে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার। নির্বাচনের আগে তাঁরা দুজনই বৃহত্তর চট্টগ্রামের সন্দ্বীপ ছাড়া বিভিন্ন পৌরসভায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন।
পৌর নির্বাচনে বিএনপি কী পেল আর কী হারাল, জানতে চাইলে সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা দুই-আড়াই বছর পর জনগণের কাতারে ফিরে এসেছে। কিন্তু সরকার-সমর্থক ক্যাডারদের হামলা ও ভয়ভীতি প্রদর্শন এবং প্রশাসনের নগ্ন হস্তক্ষেপের কারণে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি।’
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তাঁরা জনগণের বিপুল সাড়া পেয়েছেন। তাঁর অভিযোগ, সরকারের নীলনকশার কারণে বিএনপি চট্টগ্রামের ১০টির মধ্যে একটিতেও জিততে পারেনি। একই ধরনের মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান।