মাঠে ফিরতে মরিয়া বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ঘাঁটি বলে পরিচিত সাতক্ষীরা ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর সারা দেশ থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল। সড়ক কেটে ও বড় বড় গাছ ফেলে অচল করে রাখা হয়েছিল পুরো জেলা। ২০১৪ সালে পুলিশের অভিযানে থমকে যায় বিএনপি-জামায়াত। ফিরে আসে স্বাভাবিক অবস্থা। আর এই পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে রাজনীতির মাঠে আবার ফিরতে মরিয়া বিএনপি-জামায়াত।
২২ মার্চ প্রথম পর্বের ইউপি নির্বাচনে সাতক্ষীরার ৭৮টি ইউপিতে ভোট হচ্ছে। তবে কলারোয়ার একটি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হওয়ায় সেখানে চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না। বিএনপি ৬৫টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে। জামায়াতের প্রার্থী রয়েছেন ১৮টিতে। অন্যদিকে সব ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর বাইরেও রয়েছেন ৭৯ জন বিদ্রোহী প্রার্থী। আওয়ামী লীগ অবশ্য দাবি করে, এই সংখ্যা ৬০।
অবশ্য দ্বন্দ্ব-কোন্দলের কারণে বিএনপি-জামায়াতের কোণঠাসা অবস্থার পুরো সুযোগ নিতে পারছে না আওয়ামী লীগ। ২০১১ সালের ইউপি নির্বাচনে সাতক্ষীরায় আওয়ামী লীগের চেয়ারম্যান হয়েছিলেন মাত্র ১৫ জন। বাকিগুলোতে জয়ী হয়েছিলেন বিএনপি-জামায়াত সমর্থকেরা।
জানতে চাইলে আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জামায়াত-বিএনপি একে অপরকে সহায়তা করবে। এরপরও ৫০-৬০টি ইউপিতে আমাদের প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।’
২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জামায়াতের তাণ্ডবে আওয়ামী লীগের ১৮ জন নেতা-কর্মী খুন হন। এরপর পুলিশ সাঁড়াশি অভিযান চালালে জামায়াতের অনেক নেতা হতাহত হন। এরপর থেকে মামলায় জর্জরিত জামায়াত অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে। গত পৌর নির্বাচনে জেলার দুটি পৌরসভায় জামায়াতের প্রার্থী ছিলেন না। ওই নির্বাচনে জামায়াতের সমর্থনে দুটি পৌরসভায় জয়ী হন বিএনপির প্রার্থী।
স্থানীয় প্রশাসন, প্রার্থী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থীরা প্রকাশ্যে মাঠে নামছেন কমই। তবে শ্যামনগর, কলারোয়াসহ কিছু এলাকায় জামায়াতের প্রার্থীদের পোস্টার-ব্যানার দেখা গেছে। শ্যামনগরে জামায়াতের সঙ্গে ঐক্যের কারণে চারটি ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েও তা প্রত্যাহার করেছে বিএনপি। সদরে জামায়াতের শক্ত অবস্থান থাকলেও সেখানে প্রার্থী দেয়নি দলটি। এখানে বিএনপিকেই সমর্থন দেবে বলে মনে করছেন স্থানীয়রা।
জানতে চাইলে জামায়াতের জেলা শাখার প্রচার সম্পাদক আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রশাসন ও সরকার দলের চাপে অনেক স্থানে চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। আমরা আশা করছি সরকার সুষ্ঠু ভোটের ব্যবস্থা করবে।’
সাতক্ষীরা সদরের ১৪টি ইউপিতে ভোট হচ্ছে। এসব ইউপির পাঁচটিতে জামায়াতের চেয়ারম্যানরা গত নির্বাচনে জয়ী হয়েছিলেন। বিএনপির সমর্থকেরা বিজয়ী হন সাতটিতে।
সদরের সবগুলোতেই আওয়ামী লীগের প্রার্থী আছেন। আর জামায়াত সদরে প্রার্থী দেয়নি। ১৩টি ইউপিতে বিএনপির প্রার্থী রয়েছেন।
২০১৩ সালে যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার পর সদরের আশপাশের ইউনিয়নগুলোতে ব্যাপক তাণ্ডব হয়। এর মধ্যে আগরদাঁড়ি, বৈকারি, লাবসা, ঝাউডাঙা, আলীপুর ও ভোমরা ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এসব ইউপির চেয়ারম্যানরা বিএনপি-জামায়াতের। একমাত্র ঝাউডাঙা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাদে সবার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল। রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর কিছু পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। তবে তিনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু হবে।
সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ বলেন, ‘সাতক্ষীরায় সুষ্ঠু ভোট হলে ৮০ শতাংশ ভোট পাবে বিএনপির প্রার্থীরা। ২০১৩ সালের পর যে অস্থিরতা হয়েছে তাতে বিএনপি জড়িত ছিল না। তবে এর মূল্য দিতে হচ্ছে, ৮০০ মামলা হয়েছে নেতা-কর্মীদের বিরুদ্ধে। এখন পরিবেশ শান্ত।’ তিনি আশা প্রকাশ করেন, ভোটেও এটা অব্যাহত থাকবে।
কলারোয়ায় আওয়ামী লীগের প্রতিপক্ষ নিজেরাই: কলারোয়ায় আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ আওয়ামী লীগই। উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্বে চেয়ারম্যান পদে ২২ জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
সূত্র জানায়, কলারোয়ার যে তিনটি ইউপিতে গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ এবার তাঁদের মনোনয়ন না দেওয়ার পক্ষে ছিলেন। আর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তাঁদেরই প্রার্থী করার পক্ষে থাকেন। সভাপতি ও সাধারণ সম্পাদক একমত হতে না পারায় দুজন করে নাম প্রস্তাব করা হয় কেন্দ্রে। আর কেন্দ্রীয় আওয়ামী লীগ বর্তমান তিন চেয়ারম্যানকেই মনোনয়ন দেয়। এর জের ধরে উপজেলার ১১টি ইউপিতেই বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যান।
জানতে চাইলে ফিরোজ আহমেদ ও আমিনুল ইসলাম দুজনই একে অপরের বিরুদ্ধে বিদ্রোহী মদদ দেওয়ার অভিযোগ করেন।
প্রসঙ্গত, ২০১১ সালে কলারোয়ার নয়টি ইউপিতে বিএনপি-জামায়াতের চেয়ারম্যান নির্বাচিত হন। এবার অবশ্য পাঁচটি ইউপিতে বিএনপি প্রার্থী দেয়নি। আর জামায়াতের প্রার্থী রয়েছে পাঁচ ইউপিতে। এই উপজেলায় অবশ্য জামায়াত-বিএনপির সমঝোতা হয়নি। জামায়াত যেসব ইউপিতে প্রার্থী দিয়েছে, সেগুলোতে বিএনপির প্রার্থীও আছেন।