মাঠে মারা গেল মন্ত্রীর সদুপদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ নয়, নিজেরা নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়া যাবে না—ছাত্রলীগের উদ্দেশে মিলনায়তনের ভেতরে চলছে মন্ত্রীর সদুপদেশ। আর মিলনায়তনের বাইরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি ধাওয়া। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার ভেতর-বাইরের দৃশ্য ছিল এমনই।
জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দে। আর বক্তৃতা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
বেলা পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনের মঞ্চে বক্তৃতা দিতে ওঠেন ওবায়দুল কাদের। ছাত্রলীগের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘কয়েক দিন আগে পত্রিকায় পড়লাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নিজেরা নিজেরা সংঘর্ষ করেছে। পরে আবার দেখলাম তারা পুলিশের ওপর হামলা করেছে। এখানে ছাত্রলীগ বিভক্ত আর বিরোধী শক্তিরা এক আছে। এভাবে থাকলে তো ছাত্রলীগের ওপর বিরোধীরা হামলা করবেই।’
আর ওই সময়েই মন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রতিপক্ষের বাধার মুখে পড়ে ছাত্রলীগের এক পক্ষ। প্রত্যক্ষদর্শীরা বলেন, শাটল ট্রেন বগিভিত্তিক সংগঠন সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ‘ক্যাম্পাস গ্রুপ’ মন্ত্রীর অনুষ্ঠানে প্রবেশ করতে চাইলে বাধা দেয় ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) গ্রুপ। এ নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষই ছাত্রলীগের অনুসারী। যদিও প্রায় আড়াই মাস আগে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
মন্ত্রী তাঁর বক্তব্যে শাটল ট্রেনের বগিভিত্তিক বিভিন্ন সংগঠনেরও সমালোচনা করেন। এসব সংগঠন ছাত্রলীগের রাজনীতির অনুসারী। কয়েকটি বগিভিত্তক সংগঠনের নাম উল্লেখ করে মন্ত্রী বলেন, এই রাজনীতির পরিবর্তন হতে হবে। তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে দাওয়াত করলেও অস্ত্রের ঝনঝনানির কারণে অনেকেই আসতে ভয় পান।’ যোগাযোগমন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন হয়নি। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষকদের রাজনীতি একাকার হয়ে গেছে। এই দৃশ্যের পরিবর্তন করতে হবে। তিনি আরও বলেন, ‘একজন শিক্ষক তার পদোন্নতির জন্য কেন ছাত্রনেতার হাত ধরবে? শিক্ষকদের মেরুদ্ণ্ড সোজা করে দাঁড়াতে হবে।’
চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা ক্ষমতায় থেকেও হলগুলো (বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস) কেন প্রতিপক্ষের দখলে? কোন কারণে কী শক্তিবলে তারা হলগুলোতে থাকবে?’
এদিকে মন্ত্রীর অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ বলেন, ‘আমি বিষয়টি শুনেছি।’ ‘ক্যাম্পাস গ্রুপের’ সঙ্গে সংশ্লিষ্ট ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন অভিযোগ করেন, বেশ কয়েকজন কর্মী অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে চাইলে ভিএক্স গ্রুপ বাধা দেয় এবং হামলা করে।
অভিযোগের বিষয়ে চেষ্টা করেও ভিএক্স গ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি।