মাঠের অবস্থা জানাতে সাংগঠনিক সম্পাদকের নির্দেশ আ.লীগের
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কোথায় কী অবস্থা তা জানাতে সাত সাংগঠনিক সম্পাদককে প্রতিবেদন উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল রোববার বিকেলে পৌরসভা নিয়ে দলটির কেন্দ্রীয় তদারক কমিটির বৈঠকে ওই প্রতিবেদন উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় এ সংক্রান্ত বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও দীপু মনিসহ অনেকে উপস্থিত ছিলেন।
মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘সাংগঠনিক সম্পাদকদের রোববার প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে। সেটা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, বৈঠক চলাকালে কয়েকটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন ওবায়দুল কাদের। বিদ্রোহী প্রার্থীরা যেন দলের মনোনীত প্রার্থীদের পরাজয়ের কারণ না হয়, সেভাবে কাজ করতে বলেন তিনি।