মাঠের বাস্তবতায় বিএনপির জেলা সম্মেলন সংশয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্র থেকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিএনপির জেলা কমিটিগুলোর সম্মেলন করতে পারা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মাঠ ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বলছেন, নেতাদের অনেকে এখনো কারাগারে, কেউ কেউ পলাতক, এর মধ্যে বিভিন্ন জায়গায় নতুন করে ধরপাকড় শুরু হয়েছে। এ অবস্থায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্মেলন করা প্রায় অসম্ভব। অনেক জেলার নেতারা ‘মাঠের বাস্তবতা’ লিখিতভাবে কেন্দ্রকে জানানোর প্রস্তুতি নিচ্ছেন।
৯ আগস্ট বিএনপির কেন্দ্র থেকে দেওয়া এক চিঠিতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় প্রতিনিধিদের সম্মেলনের মাধ্যমে দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়। এ সময়ের মধ্যে কমিটি করতে ব্যর্থ হলে কেন্দ্র থেকে নতুন কমিটি করে দেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এর আগে ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর আন্দোলন ব্যর্থ হওয়ার পরও খালেদা জিয়া দল পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন। সে সময়
বেশ কয়েকটি জেলা কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করা হয়েছিল। কিন্তু এখনো সেখানে পূর্ণাঙ্গ কমিটি হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত ঢাকা মহানগরেও আহ্বায়ক কমিটি করা হয়েছিল। তাদের দুই মাস সময় দেওয়া হয়েছিল সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য। বছর পেরিয়ে গেলেও তা আর হয়নি।
৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিটি পুনর্গঠন করতে পারবেন কি না—জানতে চাইলে মাগুরা জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ প্রথম আলোকে বলেন, তাঁরা পুনর্গঠনের কাজ শুরু করেছেন। কিন্তু এর মধ্যে পুলিশ আবার নেতা-কর্মীদের ধরপাকড় শুরু করেছে। এ অবস্থায় কিছুটা অসুবিধা হচ্ছে। দলের চেয়ারপারসনের নির্দেশ পালনের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে সমস্যা হলে কেন্দ্রকে চিঠি দিয়ে জানাবেন।
দল পুনর্গঠনের সঙ্গে যুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান এ বিষয়ে বলেন, বিভিন্ন জেলা-উপজেলায় সম্মেলনের কাজ শুরু হয়েছে। জেলা নেতারা যে পরিস্থিতির কথা বলছেন, তা তাঁদের বিবেচনায়ও আছে। এটি অগ্রাহ্য করার সুযোগ নেই। যেসব জেলায় এ ধরনের পরিস্থিতি আছে, আবেদন করলে সেসব ক্ষেত্রে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।
কয়েকটি জেলার নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠের নেতারা মনে করছেন, জেলা সম্মেলন করার জন্য দুই মাসের কম সময় যথেষ্ট নয়। জেলা সম্মেলন করতে হলে আগে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা কমিটির সম্মেলন করে কাউন্সিলর ঠিক করতে হবে। কিন্তু প্রায় সবখানেই আছে দলীয় কোন্দল।
এ প্রসঙ্গে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, তাঁরা তৃণমূলের মতামতের ভিত্তিতে জেলা কমিটি করার নির্দেশনা পেয়েছেন। এটি করতে হলে পর্যায়ক্রমে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা কমিটি করতে হবে। তারপর জেলা কমিটি। এত কম সময়ে এসব করা সম্ভব হবে বলে তিনি মনে করেন না। তবে তাঁরা চেষ্টা করছেন।
সময়স্বল্পতার চেয়ে বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। প্রায় সব জেলাতেই নেতাদের নামে মামলা আছে। অনেক মামলায় আসামি করা আছে ‘অজ্ঞাতনামা’ ব্যক্তিরা। যাঁদের নামে মামলা নেই, তাঁদের ভয় এই ‘অজ্ঞাতনামা’ আসামি। বিএনপির নেতারা অভিযোগ করছেন, তাঁরা দল পুনর্গঠনের কাজ শুরু করার পর থেকে বিভিন্ন জায়গায় পুলিশ নতুন করে গ্রেপ্তার শুরু করেছে। এতে নেতা-কর্মীরা আতঙ্কিত। বাগেরহাট বিএনপির সভাপতি এম এ সালাম প্রথম আলোকে বলেন, এখন যে পরিস্থিতি, তাতে সম্মেলন করার মতো পরিবেশ নেই, পুলিশ করতে দিচ্ছে না। ২২ আগস্ট তাঁরা সাংগঠনিক সভা ডেকেছিলেন। কিন্তু পুলিশের কারণে দলীয় কার্যালয়ে সেই সভা করতে পারেননি।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও এম কে আনোয়ার এখন কারাগারে। এ ছাড়া তিনিসহ আরও অনেক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নেতা-কর্মীদের অনেকে কারাগারে, অনেকে পলাতক। এ অবস্থায় সম্মেলন করে কমিটি করা তাঁর পক্ষে প্রায় অসম্ভব। তিনি বিষয়টি লিখিতভাবে কেন্দ্রকে জানাবেন।
বিএনপির সূত্রগুলো বলছে, বিএনপির চেয়ারপারসন যে দল পুনর্গঠনের কথা বলে আসছেন, এটি সেই প্রক্রিয়ার শুরু। কিন্তু মূল কাজ শুরু করতে চান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ হয়ে দেশে ফিরে এলে। তিনি এখন জামিন নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।