মাথায় হাত বোলালেও নির্বাচনে হেফাজত পক্ষে থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার হেফাজতে ইসলামসহ অন্য ইসলামি দলগুলোর সঙ্গে আপস করলেও নির্বাচনে তারা সরকারি দলকে ভোট দেবে না বলে সতর্ক করেছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ-সম্পর্কিত আলোচনায় তিনি বলেছেন, হেফাজতকে যতই পৃষ্ঠপোষকতা করা হোক, যতই মাথায় হাত বোলানো হোক না কেন, তারা কখনো ভোটের ময়দানে সরকারের পক্ষে দাঁড়াবে না।

হেফাজতের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তৈরি ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি প্রসঙ্গে মন্ত্রী এসব কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, ‘শিক্ষায় আমরা বহুদূর এগিয়েছি। মাধ্যমিকে মেয়েদের সংখ্যা অনেক ক্ষেত্রে বেশি। এটা যেমন বাড়ছে, তেমনি হিজাব, চোখমুখ ঢাকা মেয়ের সংখ্যাও বাড়ছে। এর সঙ্গে যদি নতুন পাঠ্যবই যুক্ত হয়ে যায়, তাহলে বলতে হবে, নতুন প্রজন্মকে মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের দিকে আকৃষ্ট করা হচ্ছে।’

তিনি বলেন, ‘শিক্ষাক্ষেত্রে এই আপসের ফলে হেফাজত ভাস্কর্য ভাঙার কর্মসূচি দিয়েছে। ১০ মার্চ তারা কর্মসূচি পালন করবে। এরপর দেখব অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য বা মিন্টু রোডে শহীদ পুত্রকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা ভাস্কর্য ভাঙার কর্মসূচি দিচ্ছে।’

জাতীয় পার্টির সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘ব্যাংকিং খাতে লুটপাট না হলে বাংলাদেশ আরও আগে মধ্যম আয়ের দেশ হতে পারত। পত্রিকায় দেখলাম এক লাখ কোটি টাকা খেলাপি ঋণ। সরকার আবার এর মধ্যে ৪২ হাজার কোটি টাকা অবলোপন করেছে।’