মাদক ব্যবসায়ীদের পাশে বিএনপি:হাছান

বিএনপি মাদক ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার যখন কঠোর অবস্থান নিয়েছিল, তখন জঙ্গিদের পাশে দাঁড়িয়েছিল বিএনপি। এখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে দল-মত না ভেবে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। এতে গোলাগুলিতে অনেকে মারা যাওয়ার পর বিএনপি মাদক ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন হাছান মাহমুদ।
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদ আরও বলেন, যেই দলের পরিবারের সদস্য মাদকাসক্তির কারণে বিদেশে অকালে মৃত্যুবরণ করে। যাদের নেতারা টেলিভিশনে কথা বলার সময় স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। তারা মাদকের বিরুদ্ধে অভিযান নিয়ে অভিযোগ তুলবে এটিই স্বাভাবিক।
বিএনপিকে উদ্দশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘অতীতে জঙ্গিদের পাশে দাঁড়িয়েছিলেন। এখন মাদক ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা এই নীতি থেকে বেরিয়ে আসেন। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সরকারের প্রতি সেই পরামর্শ দিন। আমরা সুপরামর্শ গ্রহণ করার মানসিকতা পোষণ করি।’
আয়োজক সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন প্রমুখ।