মাদারীপুরে যুবলীগের সভাপতি আতাহার, সা. সম্পাদক রুবেল

মাদারীপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার। সম্মেলনে আতাহার সরদারকে জেলা যুবলীগের সভাপতি ও সাইফুর রহমান ওরফে রুবেল খানকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। আজ বিকেল পাঁচটায় শহরের লেকেরপাড়ে স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সাংসদ ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর-১ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নুর-ই আলম চৌধুরী, মাদারীপুর-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
জেলার ৫৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা থেকে আসা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী সম্মেলনে অংশ নেন।
মাদারীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র খালিদ হোসেন সম্মেলনে সভাপতিত্ব করেন। সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান খান সম্মেলনের অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সম্মেলন শেষে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করায় খুশি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা।