ভোটকেন্দ্র দখল আর বহিরাগতদের অবাধে জাল ভোট দেওয়ার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে পুনঃ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুটি কেন্দ্রে। ১২টি ভোটকেন্দ্রের প্রতিটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছাড়াও নির্বাচন কমিশনের আটজন কর্মকর্তা উপস্থিত থাকলেও কেন্দ্র দখল এবং জাল ভোটের এ ঘটনা ঘটে।
এদিকে মাদারীপুরের কালকিনি পৌরসভার দুটি কেন্দ্রেও গতকাল পুনঃ ভোট গ্রহণের সময় ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
তবে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা নির্বাচনে স্থগিত ১০ কেন্দ্রের মধ্যে ৯টিতেই গতকাল মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। কেন্দ্রে প্রভাব বিস্তার ও ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার ঘটনায় এক কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। বরগুনা ও বেতাগী পৌরসভার স্থগিত দুটি, ঠাকুরগাঁও পৌরসভার তিনটি, কুড়িগ্রামের উলিপুর পৌরসভার দুটি ও সৈয়দপুর পৌরসভার চারটি স্থগিত কেন্দ্রেও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এসব কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের সারি দেখা যায়। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে গোলযোগের কারণে এসব কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
মাধবদী পৌরসভা: গত ৩০ ডিসেম্বর এ পৌরসভার ভোট গ্রহণকালে কেন্দ্র দখল, সংঘর্ষ ও ব্যাপক জাল ভোটের ঘটনায় নির্বাচন কমিশন সব কটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে। গতকাল পুনঃ ভোট গ্রহণ হয়। এখানে আওয়ামী লীগের প্রার্থী মোশাররফ হোসেন এবং বিএনপির প্রার্থী মো. ইলিয়াছসহ মোট চারজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সরেজমিনে দেখা যায়, সকাল আটটায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। এ সময় প্রায় সব কটি কেন্দ্রে শত শত পুরুষ ও নারী ভোটারের দীর্ঘ সারি দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই নৌকার সমর্থকদের ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করার চেষ্টা করতে দেখা যায়। দুপুর ১২টার পর মোট ১২টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টিই নৌকার সমর্থকেরা নিয়ন্ত্রণে নিয়ে নেন। এ সময় কোথাও কোথাও বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়। আবার কোথাও বিএনপির এজেন্টরা নিজেরাই বের হয়ে যান।
সকাল ১০টা ২০ মিনিটে এসপি ইনস্টিটিউট ভোটকেন্দ্রে পাওয়া যায় বিএনপির প্রার্থী মো. ইলিয়াছকে। ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘জাল ভোট হচ্ছে। তবে এখন পর্যন্ত বাইরের পরিবেশ শান্তিপূর্ণ। এমন অবস্থা চলতে থাকলে আলহামদুলিল্লাহ।’
সাড়ে ১০টায় এই ভোটকেন্দ্র পরিদর্শন করতে আসেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মিহির সারোয়ার মুর্শেদ। তিনি প্রথম আলোকে বলেন, কমিশনের আটজন কর্মকর্তা এই নির্বাচন পর্যবেক্ষণ করছেন। একজন প্রার্থীর জাল ভোটের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘জাল ভোট হলে প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ করতে বলেছি। তিনি ব্যবস্থা নেবেন।’
নির্বাচন কমিশনের ওই কর্মকর্তা কেন্দ্র ত্যাগ করতে না করতেই আওয়ামী লীগের প্রার্থী মোশাররফ হোসেন দলবল নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় নৌকা প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে বিপুলসংখ্যক কর্মী বুথে ঢুকে ব্যালটে সিল মারতে থাকেন। এ সময় ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা বহিরাগতদের না সরিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেন।
মাধবদী মহাবিদ্যালয় কেন্দ্রটি বিএনপির প্রার্থীর নিজ এলাকার কেন্দ্র। তবে বেলা ১১টা থেকেই নৌকার সমর্থকেরা সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। বিএনপির এজেন্ট মুক্তা, মনির হোসেন এবং ইয়াসিন মিয়া প্রথম আলোকে বলেন, ‘ব্যাপক জাল ভোট দেওয়া হচ্ছে। অভিযোগ করলেও প্রতিকার নেই।’
জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘জাল ভোটের অভিযোগে দুজনকে আটক করেছি।’
বেলা সাড়ে ১১টায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নরসিংদী পৌরসভার নবনির্বাচিত মেয়র শামীম নেওয়াজের নেতৃত্বে বিপুলসংখ্যক বহিরাগত এসে কেন্দ্রটি দখল করে নেন। তাঁরা মূল ফটক বন্ধ করে বুথে গিয়ে সিল মারতে থাকেন। নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহান উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ কামাল এ সময় কেন্দ্রের ভেতরেই ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনেক চেষ্টা করে শামীম নেওয়াজকে কেন্দ্র থেকে বের করলেও তিনি রাস্তায় অবস্থান করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শামীম আবার ভোটকেন্দ্রে প্রবেশ করেন। ১১টা ৫০ মিনিটে এই কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর দেখা হয়। তখন বিএনপির প্রার্থী মো. ইলিয়াছ আওয়ামী লীগের প্রার্থীকে বলেন, ‘আমাকে আপনি আগেই বলতেন যে নিয়ে নেবেন। তাহলে আমি নির্বাচন করতাম না।’ তখন মোশাররফ হোসেন তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘তুমি আমার ভাই।’
দুপুরের পর কেন্দ্রটি আওয়ামী লীগের কর্মীরা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে ব্যালটে অবাধে সিল মারেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ কামাল সাংবাদিকদের পাঁচ মিনিট সময় দিয়ে কেন্দ্র ত্যাগ করার নির্দেশ দেন।
বিজিবি ও র্যা ব সদস্যদের টহলের মধ্যেই দুপুরে ছোট মাধবদী বেসরকারি মাদ্রাসা এবং ফজলুল করিম মাস্টার কিন্ডারগার্টেন ভোটকেন্দ্রের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে চারটায় নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব রাজীব হাসানের নির্দেশে ছোট মাধবদী বেসরকারি মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
দুপুরে মাধবদী মহাবিদ্যালয় কেন্দ্র দখলের পর ব্যালটে অবাধে সিল মারার ছবি তুলতে গেলে নৌকার ব্যাজ লাগানো একদল যুবক প্রথম আলোর ফটোসাংবাদিক আবদুস সালামকে লাঞ্ছিত করেন। তাঁরা ক্যামেরা ছিনিয়ে নিয়ে ছবি মুছে দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় আবদুস সালামকে উদ্ধার করা হয়।
এ ছাড়া কোতোয়ালির চর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রটি মাধবদী শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, ফজলুল করিম মাস্টার কিন্ডারগার্টেন ভোটকেন্দ্র সাবেক পৌর মেয়র সফিউদ্দিন এবং আওয়ামী লীগ প্রার্থীর ছোট ভাই ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলী হোসেনের নেতৃত্বে টাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সকাল থেকেই নৌকা প্রতীকের সমর্থকদের নিয়ন্ত্রণে চলে যায়। সদর উপজেলা যুবলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে আনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দখল করা হয়। তবে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধবদী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্র সম্পর্কে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ দুটি কেন্দ্রে মোটামুটি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। স্থানীয় লোকজন জানান, এ দুটি ভোটকেন্দ্র আওয়ামী লীগ-সমর্থক অধ্যুষিত এলাকা।
ভোটকেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগের বিষয়ে জানতে গতকাল রাতে আওয়ামী লীগের প্রার্থী মোশাররফ হোসেনের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
কালকিনি: শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাষ্টগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮ নম্বর ওয়ার্ডের জোনারদ্বন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল পুনরায় ভোট নেওয়া হয়। কেন্দ্র দুটিতে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। জাল ভোট দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে কারাদণ্ড ও ২০ জনকে অর্থদণ্ড দিয়েছেন। রাতের আঁধারে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে গত ৩০ ডিসেম্বর এখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
৩০ ডিসেম্বর ১৫টি কেন্দ্রের ভোটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মশিউর রহমান ৫ হাজার ৬৬১ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী এনায়েত হোসেন পেয়েছিলেন ৪ হাজার ৫০১ ভোট। গতকাল দুই কেন্দ্রের নির্বাচনে এনায়েত ২ হাজার ৬২৭ ভোট এবং মশিউর রহমান পেয়েছেন ৪২৭ ভোট। সব মিলিয়ে ১ হাজার ৪০ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন এনায়েত।
মশিউর রহমান অভিযোগ করেন, ‘আগের ১৫ কেন্দ্রের ভোটে আমি বড় ব্যবধানে এগিয়ে ছিলাম। ষড়যন্ত্র করে ও জাল ভোট দিয়ে আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিয়েছে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা।’
তবে এ অভিযোগ অস্বীকার করে এনায়েত হোসেন বলেন, ‘আমার কোনো সমর্থক জাল ভোট দেয়নি। ভোটকেন্দ্রে আসতে কাউকে বাধাও দেওয়া হয়নি।’