সিলেট জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য ও নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১২১ প্রার্থীর মধ্যে ৬০ জন শিক্ষায় মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। এর মধ্যে আবার ৩৩ জন ‘স্বশিক্ষিত’ ও ১ জন ‘অক্ষরজ্ঞানসম্পন্ন’। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা প্রার্থীদের হলফনামা ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জেলার ১৫টি ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। ১৪টি ওয়ার্ডে সদস্য পদে মোট ৯৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫টি ওয়ার্ডে ২৮ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হলফনামায় শিক্ষাগত যোগ্যতায় দেখা গেছে, সাধারণ সদস্য পদে ৪৭ জন মাধ্যমিকের কোঠা পেরোতে পারেননি। এর মধ্যে ২৮ জন স্বশিক্ষিত ও ১ জন অক্ষরজ্ঞানসম্পন্ন। নারী সদস্য পদে ২৮ প্রার্থীর মধ্যে ১৩ জন মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। এর মধ্যে ৫ জন স্বশিক্ষিত।
২ নম্বর ওয়ার্ডে ৯ প্রার্থীর মধ্যে গোলাম কিবরিয়া হিরা মিয়া, শামীম কবীর ও শাহ মো. ছমির উদ্দিন স্বশিক্ষিত। গুলজার আহমদ নবম শ্রেণি ও মো. কামরান হোসেন অষ্টম শ্রেণি পাস। ৩ নম্বর ওয়ার্ডে ৬ প্রার্থীর মধ্যে ফয়ছল আহমদ ও মো. আখলাকুর রহমান চৌধুরী স্বশিক্ষিত। আতিকুর রহমান ও নুরুল ইসলাম অষ্টম শ্রেণি পাস। ৬ নম্বর ওয়ার্ডে ৪ জনের মধ্যে মো. জয়নাল আবেদীন, মো. নাজিম উদ্দিন ও সফিক উদ্দিন স্বশিক্ষিত।
৭ নম্বর ওয়ার্ডে ৬ প্রার্থীর মধ্যে মো. আফছার আহমদ, শেখ এম এ কাইয়ুম ও শাহ মো. আকলাছ আলী স্বশিক্ষিত। ‘অক্ষরজ্ঞান’ জানা প্রার্থী হচ্ছেন হান্নান মিয়া। ৮ নম্বর ওয়ার্ডে ৯ প্রার্থীর মধ্যে মো. আশিক মিয়া স্বশিক্ষিত। নূর উদ্দিন আহমদ, মো. নজরুল ইসলাম, সৈয়দ এনামুল হক অষ্টম শ্রেণি ও সৈয়দ আহমদ বহলুল দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন।
৯ নম্বর ওয়ার্ডে ৮ প্রার্থীর মধ্যে ফখরুল আহমদ স্বশিক্ষিত, মো. কিনু মিয়া অষ্টম শ্রেণি পাস। ১০ নম্বর ওয়ার্ডে ৯ প্রার্থীর মধ্যে সায়িদ আহমদ ও হাছান ইমাদ স্বশিক্ষিত। আবদুল হক অষ্টম শ্রেণি পাস। ১১ নম্বর ওয়ার্ডে ৮ প্রার্থীর মধ্যে হাজি মাহমুদ আলী ও হাজি মো. রফিক উদ্দিন স্বশিক্ষিত। মো. সুফিয়ান আহমদ পঞ্চম শ্রেণি ও মাহমুদুর রহমান অষ্টম শ্রেণি পাস।
১২ নম্বর ওয়ার্ডে ৯ প্রার্থীর মধ্যে ময়েজ আহমদ, মোহাম্মদ আবদুর রাজ্জাক চৌধুরী ও মো. আবদুল কাদির স্বশিক্ষিত। মো. আবদুল মজিদ দশম শ্রেণি, মো. নজরুল হোসেন নবম শ্রেণি ও শামীম আহমদ তালুকদার অষ্টম শ্রেণি পাস। ১৩ নম্বর ওয়ার্ডে ৮ প্রার্থীর মধ্যে আফজল আহমদ চৌধুরী, মোহাম্মদ শামীম আহমদ ও মো. নাজমুল ইসলাম স্বশিক্ষিত। মো. নাছির উদ্দিন অষ্টম শ্রেণি পাস। ১৪ নম্বর ওয়ার্ডে ৬ প্রার্থীর মধ্যে জাকির আহমদ চৌধুরী, মো. ইমাম উদ্দিন চৌধুরী ও মো. নুরুল ইসলাম স্বশিক্ষিত। ১৫ নম্বর ওয়ার্ডে ৮ প্রার্থীর মধ্যে আবুল কালাম আযাদ ও মো. সালেকুর রহমান স্বশিক্ষিত। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা মো. আবদুল মুমিন চৌধুরী ও মো. আলমাছ উদ্দিনের।
সংরক্ষিত ওয়ার্ড: ১ নম্বর ওয়ার্ডে নারী সদস্য পদে ৬ প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত রেহানা ফারুক। পাপিয়া চৌধুরী নবম শ্রেণি, হেলেন আহমেদ ‘অ্যাডভান্সড লেভেল’ পর্যন্ত পড়েছেন। ২ নম্বর ওয়ার্ডে ৭ প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত জাহানারা ইয়াছমিন। মোছাম্মৎ আছমা বেগম ও মোছাম্মৎ মনোয়ার বেগম অষ্টম শ্রেণি পাস। ৩ নম্বর ওয়ার্ডে ৫ প্রার্থীর মধ্যে নুরুন্নাহার ইয়াসমিন ও রহিমা বেগম রব্বানী স্বশিক্ষিত। ৪ নম্বর ওয়ার্ডে ৬ প্রার্থীর মধ্যে জাহানারা বেগম ও হাছিনা বেগম অষ্টম শ্রেণি পাস। ৫ নম্বর ওয়ার্ডে ৪ প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত সাজনা সুলতানা হক চৌধুরী। জোসনা খানম ও নাজমা সুলতানা চৌধুরী অষ্টম শ্রেণি পাস।