মানিকগঞ্জ বিএনপিতে দ্বন্দ্ব বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেড়েই চলেছে। গতকাল শনিবার দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পৃথকভাবে পালন করেছে দুটি পক্ষ। ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের জন্য দুই পক্ষ নেতা-কর্মীদের নিজেদের পক্ষে টানতে দৌড়ঝাঁপ শুরু করেছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষেরও আশঙ্কা করছেন দলের নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সাংসদের হাতে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে গতকাল জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পৃথক স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বেলা ১১টার দিকে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খানের সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে জেলা প্রশাসকের বাসভবনের কাছে মিছিলে বাধা দেয় পুলিশ। পরে সেখানে একই দাবিতে মানববন্ধন করেন নেতা-কর্মীরা। এতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন শ্রমিক দলনেতা হাজি নান্নু, জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক জিন্নাহ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আসিফুর রহমান খান।
একই সময়ে জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে শহীদ রফিক সড়কে কর্মসূচি পালন করেন আফরোজা খানের সমর্থকেরা। এতে জেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহম্মেদ ও ইকবাল হোসেন, জেলা জাসাসের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রায়হান উদ্দিন, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ ফেরদৌস, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতা জানান, দুই পক্ষের নেতা-কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শহরে শোভাযাত্রা ও সমাবেশের উদ্যোগ নিয়েছেন। এ কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের নেতারা কর্মীদের নিজেদের পক্ষে টানতে তৎপরতা শুরু করেছেন। পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করা হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হতে পারে।
অভ্যন্তরীণ কোন্দলের কারণে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ কবির জিন্নাহ। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খানকে একাধিকবার আলোচনায় বসার আহ্বান করা হলেও তিনি সাড়া দেননি।
যুবদল নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ পাল্টা অভিযোগ করেন, জেলা বিএনপির সভাপতি আফরোজ খানের ব্যর্থতার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পৃথকভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি জেলা স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও জাসাসের কমিঠি গঠন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এ সময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খানের পক্ষে পৃথক অবস্থান নেন নেতা-কর্মীরা। এ নিয়ে ২৬ আগস্ট প্রথম আলোয় ‘মানিকগঞ্জ জেলা বিএনপি: দুই পক্ষের বিরোধ চরমে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।