মানিকগঞ্জ সদর উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত
মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ইসরাফিল হোসেন ও সাধারণ সম্পাদক পদে আফছার সরকারের নাম ঘোষণা করা হয়।
জেলা শহরের বিজয় মেলা মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহেদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন জাহিদ মালেক।
সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, ৫ জানুয়ারির নির্বাচনকে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, কিন্তু বিএনপির নেত্রী খালেদা জিয়া তা মানছেন না। তিনি এখন সংলাপের জন্য আন্দোলন করছেন। যাঁরা বঙ্গবন্ধু সম্পর্কে অশ্লীল বক্তব্য দেন, তাঁদের সঙ্গে কেয়ামত পর্যন্ত কোনো সংলাপ হতে পারে না। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে শেখ হাসিনা সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করলেন। ওই দিন নির্বাচন না হলে দেশে সংবিধান থাকত না, গণতন্ত্রও থাকত না। দেশে একটি অবৈধ ও অসাংবিধানিক সরকার আসত, জনগণের ভোটাধিকার থাকত না।