মানিকগঞ্জে আ.লীগের বর্ধিত সভায় দীপু মনি
দলের নেতা-কর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান।
জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের জেলা শাখা এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘দলকে আরও সুসংগঠিত করতে হবে। আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও কলহ দূর করে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। ১৬ কোটি মানুষ বাংলাদেশকে যে জায়গায় দেখতে চায়, সে জায়গায় দেশকে পৌঁছে দিতে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকা প্রয়োজন।’
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী। বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান প্রমুখ।
দীপু মনি আরও বলেন, ‘আমরা একে অন্যের বিরুদ্ধে কাদা-ছোড়াছুড়ি করি, একে অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলি। আমাদের আত্মসমালোচনার সুযোগ আছে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে যুক্তিসংগত হাজার কথা রয়েছে। তাদের দুর্নীতি, সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন, মানুষ পুড়িয়ে হত্যা করা, দেশের সম্পদ নষ্ট করা, জঙ্গিবাদকে উৎসাহিত করা, সাংবাদিক নির্যাতন করার হাজারো ঘটনা রয়েছে। তারা দেশের শত্রু, মানুষের শত্রু। তাদের এই অপকর্মগুলো সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে হবে।’
উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে দীপু মনি বলেন, দলের কেন্দ্রীয় বিভিন্ন সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল হচ্ছে। স্থানীয় পর্যায়েও সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল করে নতুন নেতৃত্ব আনতে হবে। দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর কারণে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোথাও কোথাও রাজনৈতিক প্রতিপক্ষ জয়ী হয়েছে। মনে রাখতে হবে, স্থানীয় সরকার নির্বাচনগুলোর মনোনয়ন দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। দলের একজন কর্মী হয়ে তাঁর (শেখ হাসিনা) প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকে যে প্রার্থীর তালিকা পাঠানো হয়, তা যেন স্বচ্ছ হয়। এতে কারও মধ্যে যেন অসন্তোষ না থাকে। কারণ, অসন্তোষ থাকলে বিদ্রোহী প্রার্থী হওয়ার আশঙ্কা থাকে।
মুহিবুল হাসান চৌধুরী বলেন, অস্ত্রের ভয় আর টাকা দিয়ে মানুষের মন জয় করা যায় না, ভোটও আদায় করা যায় না। ভোট পেতে হলে মানুষের কাছে যেতে হবে, ভালো ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে যে উন্নয়ন করেছেন, তা তৃণমূলের সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে।