মানিকগঞ্জে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল সোমবার মানিকগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। আজ রোববার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি আহ্বান করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক। তিনি বলেন, গণতন্ত্রের পুনরুদ্ধার অভিযাত্রায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর কার্যালয়ে অবরুদ্ধ, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার, দলীয় নেতা-কর্মীদের হত্যা-গুম-নির্যাতন ও হামলা-মামলার প্রতিবাদে আগামীকাল মানিকগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোকসেদুর রহমান, সহসভাপতি জামিলুর রশিদ খান, আজাদ হোসেন খান, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আওলাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।