মানিকগঞ্জে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ
মানিকগঞ্জের সিঙ্গাইর ও সাটুরিয়া উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৭ মে জেলার সিঙ্গাইর উপজেলার ১১টি ও সাটুরিয়া উপজেলার ৯টি ইউপিতে ভোট হয়। গতকাল বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই ২০ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পড়ানো হয়। জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস তাঁদের শপথবাক্য পাঠ করান।
সিঙ্গাইর উপজেলায় শপথ নেওয়া ইউপি চেয়ারম্যানরা হলেন সিঙ্গাইর সদরের মাহবুবুর রহমান, বলধারার আবদুল মাজেদ খান, চারিগ্রামের শেখ সাজেদুল আলম, জয়মন্টপের শাহাদাৎ হোসেন, জামির্তার আবদুল হালিম, সায়েস্তার মোসলেম উদ্দিন চোকদার, বায়রার দেওয়ান জিন্নাহ, চান্দহরের শওকত হোসেন, ধল্লার জাহিদুল ইসলাম, জামশার মিজানুর রহমান ও তালেবপুরের রমজান আলী।
সাটুরিয়ায় শপথ নেওয়া ইউপি চেয়ারম্যানরা হলেন সাটুরিয়া সদরের আনোয়ার হোসেন, ধানকোড়ার আবুল কালাম আবদুর রউফ, ফকুরহাটির আফাজ উদ্দিন, হরগজের আনোয়ার হোসেন, বালিয়াটির রুহুল আমিন, তিল্লির আবদুস সালাম, বরাইদের হারুনার রশিদ, দিঘুলিয়ার মতিয়ার রহমান ও দরগ্রামের মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আয়াতুল ইসলাম, সাটুরিয়ার ইউএনও হাসান মূর্তাজা, সিঙ্গাইরের ইউএনও শেখ জাহিদুল ইসলাম ও এএসপি (সদর সার্কেল) শামসুদ্দিন সালেহ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।