গুম-খুনের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অতীতে এ দেশের মানুষ এত গুম কখনো দেখেনি। এখন গুমের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। এর কোনো সন্ধান হচ্ছে না, বিচার হচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম ওরফে জাকিরের গুমের এক বছর পূর্তিতে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গুম হত্যার শামিল। এটা গুরুতর অপরাধ। বর্তমান সরকারের আমলে প্রায় ৫০০ জনের অধিক গুম হয়ে গেছে। এদের কোনো খোঁজ মেলেনি। ছাত্রদলের নেতা জাকিরকে সরকার গুম করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। আমরা জানি না, সে বেঁচে আছে কি না।’
মাহমুদুর রহমানের রিমান্ড আবেদনের নিন্দা: গতকাল এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কারাবন্দী মাহমুদুর রহমানকে নতুন করে নাশকতার একটি পুরোনো মামলায় জড়িয়ে রিমান্ড আবেদনের নিন্দা জানিয়েছেন।