মানুষ কানে কানে বলছে, মুক্তি চাই: আমির খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে বিএনপির কর্মী-সমাবেশে বক্তব্য দিচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: প্রথম আলো
সিলেটে বিএনপির কর্মী-সমাবেশে বক্তব্য দিচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: প্রথম আলো

‘আমি চার দিন ধরে সিলেটে আছি। শুধু দলের নেতা-কর্মী নন, সাধারণ মানুষের সঙ্গেও কথা বলছি। তাঁদের চোখের ভাষা পড়েছি, তাঁরা আমার কানে কানে বলেছেন, আমরা মুক্তি চাই।’

সিলেটে নবগঠিত মহানগর কমিটির প্রথম কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে কর্মী সমাবেশ শেষে ঢাকায় ফিরে যান তিনি।

কর্মী সমাবেশে সব স্তরের নেতা-কর্মী উপস্থিত হওয়ায় আমির খসরু জাতীয় নির্বাচন নিয়ে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সামনে নির্বাচন আসছে। এই নির্বাচনে জনগণকে বাইরে রেখে ক্ষমতা পুনর্দখলের পাঁয়তারা করছে এই অবৈধ সরকার। ১০ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভিশন-২০৩০ দেশের মানুষের কাছে উপস্থাপন করবেন। সেখানে এ দেশের ধর্মবর্ণ-নির্বিশেষে প্রত্যেক মানুষকে নিয়ে চিন্তাভাবনার প্রতিফলন করা হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি চার দিন ধরে সিলেটে অবস্থান করছি। শুধু এমনি এমনি নয়, শুধু দলের নেতা-কর্মী নন, এর বাইরেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি আমি। তাঁদের চোখের ভাষা পড়েছি, তাঁরা আমাকে কানে কানে বলেছেন, আমরা মুক্তি চাই।’

মেধাভিত্তিক রাজনীতির প্রয়োজন উল্লেখ করে এই বিএনপি নেতা আরও বলেন, মেধাভিত্তিক রাজনীতি করতে হবে। এ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং প্রয়োজনে লিফলেট বিতরণের মাধ্যমে দেশের কথা, মানুষের কথা, গণতন্ত্রের কথা, বিএনপি চেয়ারপারসনের বার্তা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে।

বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়িচালক আনসার আলীর সন্ধান দাবি করে তিনি বলেন, সরকার জনতার সমর্থনকে ভয় পেয়ে গুম-খুনের মাধ্যমে আতঙ্ক তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু জনতার রায়ে নির্বাচিত হলে আগামী দিনে খালেদা জিয়ার সরকার সব গুম-খুন-অন্যায়ের সমুচিত জবাব দেবে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, খন্দকার আবদুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, জাসাসের কেন্দ্রীয় নেতা চিত্রনায়ক হেলাল খান, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ বক্তব্য দেন।

সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল ২০০৪ সালে। ৭১ সদস্যবিশিষ্ট সেই কমিটি মেয়াদোত্তীর্ণ হলে আহ্বায়ক কমিটি করা হয়। গত বছরের ৭ ফেব্রুয়ারি সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হলেও গঠিত হচ্ছিল না পূর্ণাঙ্গ কমিটি। এক বছর পর গত ২৭ এপ্রিল কেন্দ্র থেকে ২৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বড় কমিটি হওয়ায় এতে স্থান পেয়েছেন সব বলয়ের নেতারা। গত বৃহস্পতিবার রাতে প্রথম কার্যনির্বাহী কমিটির প্রথম সভার সিদ্ধান্ত থেকে আজ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।