মানুষ কারাগারের মধ্যে পড়ে গেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ একটা কারাগারের মধ্যে পড়ে গেছে। সেই কারাগার থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘জনগণকে আহ্বান করব এগিয়ে আসুন, ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা আদায়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ভারত সফরে হওয়া চুক্তিগুলো জনগণের সামনে প্রকাশের দাবিতে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই মানববন্ধনের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর যে বিষয়গুলো ছিল ‘ট্রাম্পকার্ড’ বা দর-কষাকষির উপলক্ষ, সে বিষয়গুলো প্রধানমন্ত্রী অবলীলায় ভারতের হাতে তুলে দিয়েছেন। ট্রানজিট দিয়েছেন, বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছেন, ব্যবসা-বাণিজ্যে প্রচণ্ড রকমের ঘাটতি আছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত থেকে এসে বলেছেন, পানি মাঙ্গা ইলেকট্রিসিটি মিলা, কুছ তো মিলা। আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে কুছ মিলার জায়গায়। সামান্য কিছু পেয়েছি, এতেই আমরা খুশি।’ বিএনপির মহাসচিব বলেন, এই সরকারকে যারা ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করছে, তাদের কাছে সরকার জনগণের দাবিদাওয়াগুলো পেশ করতে পারছে না, আদায়ও করতে পারছে না।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হোসেন। এতে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ।
মনিরুলের বিরুদ্ধে পরোয়ানা উদ্দেশ্যপ্রণোদিত
গতকাল এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হকের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা জারি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, শুধু ভিন্নমতাবলম্বী হওয়ার কারণে এটা করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ২০০৮ সালে দায়ের করা মামলায় এত দিন পর অভিযোগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং মালামাল জব্দের নির্দেশে তাঁরা ক্ষুব্ধ হয়েছেন। এতে আবারও প্রমাণিত হলো, এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না।