মানুষ পোড়ানো হচ্ছে, জন্মদিন মুখ্য নয়: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় নেতাদের নিয়ে কেক কাটছেন এরশাদ। ছবি: প্রথম আলো
দলীয় নেতাদের নিয়ে কেক কাটছেন এরশাদ। ছবি: প্রথম আলো

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, এমন পরিস্থিতিতে আমার জন্মদিন পালন মুখ্য নয়।
আজ বুধবার সৈয়দপুর বিমানবন্দরে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসা নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন এরশাদ।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের জন্মদিন ২০ মার্চ। তাঁকে ওই দিন নীলফামারীতে পাওয়া যাবে না বিধায় দলীয় নেতা-কর্মীরা আজ জন্মদিনের আগাম শুভেচ্ছা জানান।
দলীয় নেতারা জানান, নিজ এলাকা রংপুর থেকে ঢাকা ফেরার পথে সকালে এরশাদ সৈয়দপুর বিমানবন্দরে আসেন। বিমানবন্দরে এসে অবাক হয়ে যান তিনি। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজারো নেতা-কর্মী ভিড় জমান সেখানে। সবার মুখেই স্লোগান, ‘যুগ যুগ জিয়ো এরশাদ’, ‘বেঁচে থাকো পল্লিবন্ধু’। ফুল ছিটিয়ে সংবর্ধনা দেওয়া হয় এরশাদকে। তিনি হাত নেড়ে সবাইকে স্বাগত জানান। এরপর এরশাদকে নেওয়া হয় বিমানবন্দরের ভিআইপি বিশ্রামাগারে। সেখানে তিনি জন্মদিনের কেক কাটেন।
জন্মদিনের এ আয়োজন করেন সৈয়দপুর-কিশোরগঞ্জ (আংশিক) থেকে নির্বাচিত সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী। অশ্রুসিক্ত হয়ে ওই সাংসদকে বুকে জড়িয়ে ধরেন এরশাদ। এ সময় তিনি বলেন, ‘দেশের মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। এমন পরিস্থিতিতে আমার জন্মদিন মুখ্য নয়।’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘আসুন সবাই মিলে দেশ নিয়ে ভাবি, সন্ত্রাস নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।’

এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।’ জন্মদিনে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান।
এ সময় এরশাদের সঙ্গে ছিলেন ছোট ভাই সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।