সহিংসতার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করে তাঁর বিরুদ্ধে হাজার হাজার মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। তিনি অভিযোগ করেন, মানুষ ভাড়া করে বিএনপি বোমাবাজি করছে।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের ষোলশহর এলাকার এলজিইডি ভবনে একটি বেসরকারি বিদ্যালয়ে সেমিনার অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনি নির্বাচনে আসেননি। আপনার জন্য আমরা দায়ী নাকি? আপনি আসেননি কেন? সাহস ছিল না বলে আসেননি? ২০১৯ সালের চ্যালেঞ্জ গ্রহণ করুন। তখন দেখা যাবে।’
ফ্লোবেল প্লে বিদ্যালয় আয়োজিত দুই দিনের সেমিনার ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী শিশুদের গান শোনান। ছড়া পাঠ করেন। অনুষ্ঠানে ভারতের চিকিৎসক গিট অবেরয়, মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের পরিচালক আলেফিয়া নোমান এবং ফ্লোবেল প্লে স্কুলের অধ্যক্ষ ও পরিচালক হুয়ারা তাহসিন উপস্থিত ছিলেন।