জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নোমান এই সংশয়ের কথা জানান
মানুষ ভোট দিতে পারবে কি না সংশয় নোমানের
আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না, সংশয় প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নোমান এই সংশয়ের কথা জানান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে বন্ধু দল নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।
নোমান বলেন, দেশের মানুষ এখন অসহায়। তাদের কোনো মৌলিক অধিকার প্রয়োগের সুযোগ নেই। সভা-সমাবেশসহ ভোটাধিকার প্রয়োগেরও সুযোগ নেই। ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে এবং অনেককে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি।
নোমান অভিযোগ করেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপির নেতা-কর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। নানাভাবে নির্যাতন করছে। জনগণ স্বৈরাচার এরশাদকে যেভাবে ক্ষমতা থেকে হটিয়েছে, এ সরকারকেও সেভাবে হটাবে।
অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, বিএনপির সহ-তথ্য ও গবেষণা-বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।