ছয় বছর পর খুলনা জেলা জাতীয় পার্টির (জাপা) দ্বিবার্ষিক সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। নগরের শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।
এইচ এম এরশাদ বলেন, ‘মানুষ মেরে, মানুষ গুম করে কেউ বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি, আর পারবেও না। আমরা আমাদের মূল্যবোধ হারিয়ে ফেলেছি। সাহস হারিয়ে ফেলেছি গুলির ভয়ে। অপরাধীরা যখন বারবার অপরাধ করেও ছাড়া পায়, তখন দেশে অপরাধপ্রবণতা বেড়ে যায়।’
বিএনপি সম্পর্কে জাপা চেয়ারম্যান বলেন, ‘এ দলটি আমাকে জেলে পাঠিয়ে মেরে ফেলতে চেয়েছিল। ময়মনসিংহের এক জনসভায় খালেদা জিয়া এ ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু কার্যত বিএনপি এখন শিয়ালের গর্তের মধ্যে রয়েছে। মাঝে মাঝে বেরিয়ে এসে বিবৃতি দিয়ে আবার ঢুকে পড়ে।’ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে তিনি আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
সম্মেলনে জেলা শাখার সভাপতি হিসেবে শফিকুল ইসলাম ওরফে মধুকে পুনরায় মনোনীত করেন এরশাদ। সভাপতি পদে তিনি একক প্রার্থী ছিলেন। সাধারণ সম্পাদকসহ অন্য পদে একাধিক প্রার্থী থাকায় সেগুলো কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে বলে জানান তিনি।
সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পানিসম্পদমন্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, তাজ রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।
জিয়াউদ্দিন আহমেদ বলেন, ক্ষুধা-দারিদ্র৵মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টি আত্মপ্রকাশ করে, এরশাদ তার সফল বাস্তবায়ন করেন। দেশে বর্তমানে যে লুটপাট ও দলীয়করণের রাজনীতি চলছে, তা থেকে মুক্ত হতে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনতে হবে।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের ৬৪টি জেলা এরশাদের আমলেই করা। জেলাগুলোতে প্রশাসনিক অবকাঠামো থেকে শুরু করে সবকিছুই ওই আমলেই করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২০ জুলাই খুলনা জেলা জাতীয় পার্টির সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মতামতের ভিত্তিতে শফিকুল ইসলামকে সভাপতি ও এম হাদিউজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২০১১ সালের ২১ জুলাই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়। পরে ২০১৪ সালে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি।