মানুষ সুখে-শান্তিতে আছে: কাদের
সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ভেতর কোনো অষন্তোষ সৃষ্টি হয়নি। কারণ, সরকার দেশের উন্নয়নে কাজ করছে। সাধারণ মানুষ সুখেশান্তিতে রয়েছে।
আজ শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার আমিন বাজারে ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, আন্দোলন করে বর্তমান সরকারকে হটানোর কোনো সুযোগ নেই। তাই বিরোধীরা সরকারকে হটাতে নানা ষড়যন্ত্র করবে। কিন্তু ষড়যন্ত্র করেও এ সরকারকে হটানো সম্ভব নয়। আ.লীগ কোনো ঠুনকো সংগঠন নয়।
সম্প্রতি সরকারি কিছু কর্মকর্তার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আজ আওয়ামী লীগ সরকারের স্থলে যদি বিএনপি ক্ষমতায় থাকত, তাহলে সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমলাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিত, আ.লীগও ঠিক সে ব্যবস্থা নেবে।
ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার, উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক জহিরুল হক, সদর উপজেলা আ.লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন প্রমুখ।