মানুষ হত্যার জবাব ব্যালটে: তোফায়েল

ব্যালটের মাধ্যমে তিন সিটি করপোরেশন নির্বাচনে জনগণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মানুষ ‘হত্যার’ জবাব দেবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শুক্রবার ভোলার কবি মোজাম্মেল হক টাউন হলে ‘মুজিবনগর দিবসে’র আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তিনি।
বাণিজ্যমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘খালেদা জিয়া আদালতে আত্মসমর্পণ করে ঘরে ফিরে গেছেন। আপনি বলেছিলেন, শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। খালেদা জিয়া আপনিতো ঠিকই ঘরে ফিরে গেছেন, কিন্তু কোথায় হারিয়ে গেল আমার মায়ের ছেলেরা। কোথায় হারিয়ে গেল বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, দিনমজুর, যে মা ছোট্ট সন্তান নিয়ে কাজ করে রাস্তায়, কোথায় হারিয়ে গেল যাঁদের আপনি পেট্রলবোমা মেরে পুড়িয়ে মেরেছেন? জবাব আপনাকে দিতে হবে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশ যে মুহূর্তে ভারত ও পাকিস্তান থেকে জন্ম, শিশুমৃত্যু, মাতৃমৃত্যু, গড় আয়ু, দারিদ্র্যের সীমারেখায় ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে সেই মুহূর্তে খালেদা জিয়া দেশকে স্তব্ধ করতে চাইছেন। দেশের অগ্রগতি রুদ্ধ করতে চেয়ে ব্যর্থ হয়েছেন। ২০১৪ সালেও ব্যর্থ হয়েছেন, এবারও ব্যর্থ হয়েছেন।’
ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. সেলিম রেজার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন, পুলিশ সুপার মনিরুজ্জামান ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমুখ।