বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের নামে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মসূচির কারণে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। তারা মানুষ হত্যার ‘রাজনৈতিক কর্মসূচি’ প্রত্যাহারেরও দাবি জানিয়েছে।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম বলেন, রাজনৈতিক দল ও শক্তিকে সহিংস, সন্ত্রাসী রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। সরকারকে রাজনৈতিক দলের গণতান্ত্রিক পদ্ধতিতে কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
চলমান সহিংসতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনা করে আয়শা খানম বলেন, দুর্বৃত্তরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব কাছেই অবস্থান করছে। কিন্তু তাদের ধরতে যে ক্ষিপ্রতা দরকার, সেটা দেখা যায়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি করছে, দুষ্কৃতকারীদের ধরতে যেসব সরঞ্জাম দরকার, তার ঘাটতি রয়েছে। জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় সরঞ্জামের জোগান দেওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে হরতাল-অবরোধের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরা হয়। ৪ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সহিংসতায় পেট্রলবোমা ছুড়ে, আগুন লাগিয়ে নারী ও শিশুসহ ৩৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় ৭৬৯টি যানবাহনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে, পাঁচ দফায় রেলে নাশকতা হয়েছে।