মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, শীর্ষ যুদ্ধাপরাধী ও আলবদর–প্রধান নিজামীর ফাঁসির রায়ে গোটা দেশের মানুষ যখন আনন্দিত, তখন জামায়াত হরতাল দিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার চক্রান্ত করছে। কিন্তু আজ বাংলাদেশের মানুষ যুদ্ধাপরাধীর পক্ষে ডাকা হরতাল প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তারা যুদ্ধাপরাধীদের পক্ষে নয়।
আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকাল হানিফ এসব কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, হরতালের নামে আর কোনো নাশকতা করার চেষ্টা করা হলে আওয়ামী লীগের নেতা–কর্মীরা কঠোর হাতে সেই নাশকতা দমন করবে। তিনি বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচানোর যে ষড়যন্ত্র করছে, তা কখনো সফল হবে না, বরং যুদ্ধাপরাধীদের বাঁচাবার চেষ্টা করার কারণে আজ তারা দেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
যুদ্ধাপরাধী ও মানবতার অপরাধের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গোলাম আযমের মৃত্যুতে পাকিস্তানে জামায়াত ইসলামের গায়েবানা জানাজা পড়ার কথা উল্লেখ করে হানিফ বলেন, ‘এটি প্রমাণ করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী পাকিস্তানের একটি সক্রিয় সংগঠন।’ তিনি বিএনপি–জামায়াতের সব ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের সব স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।
সাতক্ষীরার তালা উপজেলা সদরে তালা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ বি এম মোজাম্মেল হক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাংসদ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ প্রমুখ।