মানুষ 'জান লড়িয়ে' ভোট দেবে মনে করে বিএনপি
আসন্ন পৌর নির্বাচনে ভোটের দিন মানুষ ‘জান লড়িয়ে’ তাদের অধিকার প্রয়োগ করবে বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, নির্বাচনের এজেন্ট ও নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘এখন শেখ হাসিনার ‘‘জঙ্গলরাজ’’ কায়েমের ফলে আসন্ন পৌর নির্বাচনের প্রাক্কালে দেশব্যাপী জনমনে বিষণ্ন হতাশা ও নৈরাজ্যের কালো মেঘ ছেয়ে গেছে। বাংলাদেশিরা কখনোই কালো দুঃশাসন ও শ্বেত কিংবা রক্তিম সন্ত্রাস মেনে নেয়নি। আগামী পৌর নির্বাচনে জনগণ জান লড়িয়ে ভোটের দিন তাদের অধিকার প্রয়োগ করবে।’
রিজভী অভিযোগ করেন, বরিশালের বাকেরগঞ্জ ও বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর গণসংযোগকালে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছিলেন। রাজশাহীর তাহেরপুর বিএনপির প্রার্থী আবু নঈম শামসুর রহমানকে নির্বাচনী প্রচারকালে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। কাঁটাখালীতে বিএনপির নির্বাচনী কমিটির সদস্যসচিব ও ধানের শীষের নির্বাচনী এজেন্ট মনিরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া সদরে বিএনপির নেতা-কর্মীদের প্রচার থেকে বিরত থাকতে প্রশাসন থেকে হুমকি দেওয়া হয়েছে।
এদিকে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অভিযোগ করেন, পৌর নির্বাচনে মন্ত্রী ও সাংসদেরা আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব করলেও তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারছে না। নিরপেক্ষতা প্রমাণে নির্বাচন কমিশনের শেষ সুযোগ পৌর নির্বাচন।
অপর এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, সরকারি দলের প্রার্থীরা যাতে বলপ্রয়োগ করে নির্বাচিত হতে না পারেন, সে ক্ষেত্রে নির্বাচন কমিশন বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করেন। তা না হলে এই নির্বাচনের পর বিএনপি আবার আন্দোলনে যাবে। সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে বিএনপি মাঠে নামবে।
মনিটরিং সেল খুলেছে বিএনপি: রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ‘পৌর নির্বাচন-২০১৫ মনিটরিং সেল’ খুলেছে বিএনপি। পৌর নির্বাচনসংক্রান্ত সব ধরনের অভিযোগ, অনিয়ম ও অন্যান্য তথ্য এ সেলে পাঠানোর জন্য জেলা ও পৌর নেতাদের আহ্বান জানিয়েছে দলটি।
গতকাল বিএনপির যুগ্ম মহাসচিব ও পৌর নির্বাচন মনিটরিং সেলের সদস্যসচিব মো. শাহজাহানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মনিটরিং সেলের ফোন (নম্বর-০২-৯৮৮৩৪৫২), ফ্যাক্স (০২-৯৮৮৩১৯৯১) ও ই-মেইলে ([email protected]) তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে।