মানুষ 'জান লড়িয়ে' ভোট দেবে: রিজভী

আসন্ন পৌরসভা নির্বাচনে মানুষ ‘জান লড়িয়ে’ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দেন।
তাঁর অভিযোগ: দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, নির্বাচনের এজেন্ট ও নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
রিজভী বলেন, ‘দেশে এখন শেখ হাসিনার ‘‘জঙ্গলরাজ’’ কায়েমের ফলে আসন্ন পৌর নির্বাচনের প্রাক্কালে দেশব্যাপী জনমনে বিষণ্ন হতাশা ও নৈরাজ্যের কালো মেঘ ছেয়ে গেছে। বাংলাদেশিরা কখনোই কালো দুঃশাসন ও শ্বেত কিংবা রক্তিম সন্ত্রাস মেনে নেয়নি। আগামী পৌর নির্বাচনে ভোটের দিন জনগণ জান লড়িয়ে তাদের অধিকার প্রয়োগ করবে।’
রিজভী অভিযোগ করে বলেন, বরিশালের বাকেরগঞ্জে ও বাগেরহাটের মোড়লগঞ্জ পৌরসভা নির্বাচনে গণসংযোগকালে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা বিএনপির প্রার্থীর ওপর হামলা চালিয়েছেন। রাজশাহীর তাহেরপুরে বিএনপির প্রার্থী আবু নঈম শামসুর রহমানকে নির্বাচনী প্রচারণাকালে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। কাঁটাখালীতে বিএনপির নির্বাচনী কমিটির সদস্যসচিব ও ধানের শীষের নির্বাচনী এজেন্ট মনিরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।