আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন সক্রিয় ভূমিকায়। সংসদের যেকোনো বিষয়ে তাঁর বক্তব্য ছিল সবার জন্য অনুসরণীয়। মানুষকে তিনি বড় বেশি ভালোবাসতেন। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে ‘সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণসভা নাগরিক কমিটি’ আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।
স্মরণসভায় শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধান প্রণয়নের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। তিনি বঙ্গবন্ধুর সামনেই অত্যন্ত সুস্পষ্ট ও দৃঢ়তার সঙ্গে তাঁর যুক্তি তুলে ধরতেন।’ তিনি বলেন, ‘এই দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন সক্রিয় ভূমিকায়।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে না পারা ছিল সুরঞ্জিত সেনগুপ্তের জীবনে বড় আক্ষেপ। অনেক দূর এগিয়ে গিয়ে আমরা পার্লামেন্টে ধর্মনিরপেক্ষতা আনতে পারলাম ঠিকই। কিন্তু সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে পারিনি।’
স্মরণসভায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত রাজনীতিকে সাধনা হিসেবে নিয়েছিলেন। সে কারণে রাজনীতির ছয় দশকের পদচারণে জন্ম নেয় এক অনন্যসাধারণ প্রতিভাধর রাজনীতিবিদ।’
সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন সংগঠনের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর স্ত্রী জয়া সেনগুপ্ত। তিনি বলেন, ‘আপামর জনসাধারণ ছিল আমার স্বামীর একান্ত প্রাণের ধন। মানুষকে তিনি বড় বেশি ভালোবাসতেন। আপনারা সবাই ভালো থাকবেন।’
সুরঞ্জিত সেনগুপ্ত বন্ধু ছিলেন উল্লেখ করে রামেন্দু মজুমদার বলেন, ‘সুরঞ্জিত চলে গেছে, কিন্তু তার স্মৃতি আমাদের মধ্যে জাগরূক থাকবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে নাগরিক স্মরণসভায় আরও বক্তব্য দেন জাতীয় মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ।