মানুষের জন্য বেশি কাজ করার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় আলোচকেরা পার্টির ঐতিহ্য ধরে রেখে শ্রমিক-কৃষকসহ সাধারণ মানুষের জন্য আরও বেশি করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁরা বলেছেন, প্রধান দুই দলের বাইরে শক্তিশালী বাম গণতান্ত্রিক বলয় গড়ে তুলতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে সিপিবি এ সভার আয়োজন করে। দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বিকল্প বলয় গড়ে তোলার সংগ্রাম সিপিবি অব্যাহত রেখেছে। তিনি বলেন, অভিজিৎ রায় হত্যার তদন্তে এফবিআইয়ের ঢাকায় আসার প্রয়োজন ছিল না। যুক্তরাষ্ট্র জামায়াতকে মদদ দেওয়া বন্ধ করলেই জঙ্গিবাদ দূর হয়ে যাবে।
পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান বলেন, সিপিবিকে বিপ্লবী পার্টি করতে হলে সাধারণ মানুষের জীবনের সুখ-দুঃখের সাথি হয়ে তাদের সঙ্গে মিশে যেতে হবে। পার্টির নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে যাঁরা শহীদ হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের স্মরণ করে তিনি বলেন, দেশের সব প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে কমিউনিস্টরা অগ্রণী ভূমিকায় ছিলেন। ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি অংশ নেবে, সব ওয়ার্ডে প্রার্থী দেবে।
সভায় সভাপতিমণ্ডলীর সদস্য শামসুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাম্মেল হক, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমুখ বক্তব্য দেন। সভা পরিচালনা করেন জাহিদ হোসেন খান।